Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

রেস্তোরাঁর ব্যবসা নিয়ে বিপদে ওমর সানী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৩৭ পিএম

রেস্তোরাঁর ব্যবসা নিয়ে বিপদে ওমর সানী

ছবি: সংগৃহীত

Advertisement

একসময়ের ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ওমর সানী বর্তমানে সিনেমা ইন্ডাস্ট্রি থেকে অনেকটাই দূরে। এখন তিনি রেস্টুরেন্টের ব্যবসা করছেন। দুই বছর আগেই ঢাকার বিভিন্ন স্থানে চাপওয়ালা নামের রেস্টুরেন্টের কয়েকটি শাখা খুলেছেন এ অভিনেতা। তবে দেশের বর্তমান পরিস্থিতিতে তার ব্যবসা মোটেও ভালো যাচ্ছে না। যে কারণে আক্ষেপ করেই ওমর সানী বলেছেন, দেশের সাম্প্রতিক অবস্থা এমন হবে জানতে পারলে এ ব্যবসায় নামতাম না।

বুধবার এক ভিডিওবার্তা নিয়ে হাজির হন ওমর সানী। যেখানে আশুলিয়ায় ইপিজেড শিল্প এলাকায় নিজের রেস্টুরেন্টের নতুন শাখা নিয়ে কথা বলেন তিনি। জানান সেখানকার বর্তমান পরিস্থিতির কারণে তার ব্যবসার ভয়াবহ দূরবস্থার কথা।

ওমর সানী বলেন, ‘প্রতিনিয়ত সাফার করছি। কারণ রেস্টুরেন্ট ব্যবসা করছি। দেশের এ ধরনের পরিস্থিতি হবে জানলে হয়তো ব্যবসা শুরু করতাম না। চারদিকে অশান্তি, ইপিজেড পুরাই অশান্ত। যেখানে একটা রেস্টুরেন্ট উদ্বোধন করলাম, সেখানে মারামারি-হানাহানি, পোশাকশিল্পে অস্থিরতা, পুলিশ-সেনাবাহিনী সবকিছু মিলে বাজে অবস্থা। ঢাকা শহর তো এখন আন্দোলনের প্রাণকেন্দ্র। ভয়াবহ অবস্থার মধ্যে অবস্থান করছি আমরা।’

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ করে আসছেন ওমর সানী। যে কারণে অনেকেই তার সমালোচনা করে থাকেন। এ বিষয়ে সানী বলেন, ‘অনেকেই বলেন— আমি এখন দ্রব্যমূল্য নিয়ে কথা বলি না। এটা ঠিক নয়। যে যেখানে থাকুক না কেন, আমার জায়গা থেকে আমি প্রতিবাদ করি।

অন্যদিকে এক বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে আছেন ওমর সানীর স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী। গুঞ্জন আছে— যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন তিনি। সেই ইঙ্গিত পাওয়া গেল ওমর সানীর কথাতেও। দিনকে দিন যেই পরিস্থিতি দাঁড়াচ্ছে, হয়তো দেশের বাইরেও চলে যাওয়ার পরিকল্পনা করতে পারেন বলে জানান এ অভিনেতা।

ওমর সানী বলেন, আমার পরিবার বলেছিল বিদেশে স্থায়ী হতে। কিন্তু আমি সেই কথা মাথায় নিইনি। এই দেশের কারণে আমি ওমর সানী হয়েছি। এখানকার মাটি আঁকড়ে ধরে থাকব। কিন্তু বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, তাতে হাতটা কেমন জানি খুলে যাচ্ছে দিনকে দিন।

Advertisement

ঢালিউড ওমর সানী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম