Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মে মাস কখনোই অনুষ্ঠান রাখেন না ওমর সানি, নেপথ্যে রয়েছে যে বেদনাময় স্মৃতি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৫, ০৫:১৯ পিএম

মে মাস কখনোই অনুষ্ঠান রাখেন না ওমর সানি, নেপথ্যে রয়েছে যে বেদনাময় স্মৃতি

Advertisement

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় ও ব্যস্ততম নায়ক ওমর সানির আজ জন্মদিন। ১৯৬৯ সালের ৬ মে বরিশালে জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিন উপলক্ষে আবেগঘন এক অনুভূতির কথা জানিয়েছেন এই অভিনেতা।

ওমর সানি বলেন, ‘আমার বাবা-মার কাছে আমি কৃতজ্ঞ। তাদের কল্যাণে আমি পৃথিবীতে আসতে পেরেছিলাম আল্লার রহমতে। এ মাসে একটা মিশ্র অনুভূতি কাজ করে আমার মধ্যে। এ মাসের ২৩ তারিখে আমার মা মারা গিয়েছেন। তাই এই মাসটা আমার জন্য দুঃখের। এই মাসেই আবার আমার জন্মদিন। তাই সুখেরও। এই মাসে কোনো পরিবারের অনুষ্ঠান রাখি না; রাখবো না। আমি যে পর্যন্ত বেঁচে থাকব।’

জন্মদিনে পরিবারের সদস্যরা দেশের বাইরে থাকলেও তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে নিয়মিত। তিনি বলেন, ‘পরিবার তো বাহিরে আছে, কথা হয়, দেখা হয়। সোশ্যাল মাধ্যমগুলো সেই সুযোগ করে দিয়েছে। আজ তাদের সাথে কথা হবে। এছাড়া আজকে বেশ কয়েক জায়গায় যাব। আড্ডা দিবো কাছের মানুষদের সঙ্গে।’

ভক্তদের উদ্দেশে অভিনেতা বলেন, ‘মানুষের কাছাকাছি থাকতে চাই। দেশটাকে ভালোবাসতে চাই। দেশের ভালো মানুষগুলোকে নিয়ে কথা বলতে চাই। আমি সারাজীবন স্পষ্ট কথা বলেছি। সামনের দিনগুলোতেও সেইটা বলতে চাই। যারা বুঝার বুঝে নেবেন।’

এ সময় ওমর সানি তার ও পরিবারের জন্য ভক্তদের দোয়া কামনা করেন।

উল্লেখ্য, ১৯৯২ সালে ‘এই নিয়ে সংসার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ওমর সানির। এরপর তিনি একাধিক হিট সিনেমায় কাজ করে রোমান্টিক ও অ্যাকশন হিরো হিসেবে খ্যাতি অর্জন করেন। ২০০৩ সালে ‘ওর দালাল’ সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় শুরু করেন, যেখানে নায়ক ছিলেন শাকিব খান।

ব্যক্তিজীবনে ১৯৯৬ সালে অভিনেত্রী মৌসুমীকে ভালোবেসে বিবাহ করেন তিনি। বর্তমানে তারা শোবিজের অন্যতম সফল দম্পতি। তাদের সংসারে এক পুত্র ও এক কন্যা রয়েছে।

Advertisement

ওমর সানি মৌসুমী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম