Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ঢালিউড অভিনেত্রী রোজিনার গ্রাম্য সরল জীবনে মুগ্ধ নেটদুনিয়া

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৪:০২ পিএম

ঢালিউড অভিনেত্রী রোজিনার গ্রাম্য সরল জীবনে মুগ্ধ নেটদুনিয়া

ছবি: সংগৃহীত

Advertisement

ঢালিউডে চার দশকের বেশি সময়ের ক্যারিয়ারে প্রায় ৩০০ সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী রোজিনা। পেয়েছেন দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। শুধু তাই নয়, তার সফলতার গণ্ডি ছাড়িয়েছে দেশের বাইরেও— ভারতের পশ্চিমবঙ্গ, নেপাল ও পাকিস্তানের চলচ্চিত্রেও দেখিয়েছেন নিজের অভিনয়শৈলী।

সত্তর থেকে নব্বই দশক পর্যন্ত অসংখ্য সিনেমায় অভিনয় করে দর্শকমনে জায়গা করে নিয়েছেন রোজিনা। শুধু অভিনয়শৈলীতেই নয়, ইন্ডাস্ট্রির ব্যবসায়িক সাফল্যেও রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সময়ের পরিক্রমায় হয়তো লাইমলাইট থেকে খানিক দূরে, তবে ভালোবাসায় একটুও ভাটা পড়েনি এই বর্ষীয়ান অভিনেত্রীর প্রতি।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মেয়ে রোজিনা এবারের ঈদের ছুটি কাটাচ্ছেন গ্রামেই। শেকড়ের টানেই এবারের ঈদ পালন করলেন নিজ গ্রামে। আর সেখানে তার ঘুরে বেড়ানো, নিজ হাতে রান্না করা— এমনকি এক অনুরাগীর গান শোনা—সবই মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাথায় কালো ওড়না, চোখে সানগ্লাস পরে গ্রামের একটি টংদোকানের বেঞ্চে বসে এক অনুরাগীর গান শুনছেন রোজিনা। তার গানের প্রশংসাও করেন তিনি। তার এমন সহজ-সরল উপস্থিতি মুগ্ধ করেছে নেটিজেনদের, তা বলার অপেক্ষা রাখে না।

 আবার কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন রোজিনা। যেখানে দেখা যায়—চুল খোঁপা করে বাঁধা, হাতে খুঁন্তি, মাটির চুলায় বসানো কড়াইয়ে রান্না করছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন— দেশের বাড়িতে রান্না করছি ছোট মাছের চচ্চড়ি আর বোয়াল মাছের ঝোল। 

প্রবাদ রয়েছে—‘যে চুল বাঁধতে জানে, সে রাঁধতেও জানে’—আর তারই বাস্তব উদাহরণ দিলেন রোজিনা। অভিনেত্রীর এই সরল জীবনের প্রতি তার ভালোবাসা দেখে মুগ্ধ অনুরাগীরা।

Advertisement

ঢালিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম