Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘আমি ঠিক নেই, ঠিক থাকার ভান করছি মাত্র’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১২:২০ পিএম

‘আমি ঠিক নেই, ঠিক থাকার ভান করছি মাত্র’

ছবি: সংগৃহীত

Advertisement

ইরান-ইসরাইল যুদ্ধ জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। ইসরাইলের পক্ষ নিয়ে গত শনিবার মধ্যরাতের পর ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে আমেরিকা। যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত আরও বিপজ্জনক রূপ নেওয়ার ঝুঁকি বেড়েছে। বিশ্বনেতা ও কূটনীতিকদের কেউ কেউ এর তীব্র নিন্দা জানিয়েছেন। এ বিষয়ে এবার মুখ খুললেন ইরানি জনপ্রিয় অভিনেত্রী মান্দানা করিমি। 

বলিউডেও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘বিগবস’-এও নজর কেড়েছিলেন মান্দানা করিমি। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে দীর্ঘ পোস্ট শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘আমি ঠিক নেই। দেখে হয়তো মনে হচ্ছে সব কাজই করছি। কিন্তু আসলে আমি ঠিক নেই। আমি ঠিক থাকার ভান করছি মাত্র। আমার নিজের জন্য এবং পরিবারের জন্য যা করণীয়, তা আমি করছি।’

মান্দানা করিমি বলেন, শিশুদের মৃত্যু দেখেও কীভাবে চুপ করে থাকা যায়! শুধু ফিলিস্তিন বা ইরান নয়; মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের আর্থিক মদতে বিস্ফোরণ হচ্ছে। ইসরাইল আক্রমণ করছে। আর সারা বিশ্ব নীরব হয়ে দেখছে।

সারা বিশ্বের কাছে সমর্থন দাবি করে এ অবস্থা এড়িয়ে না গিয়ে সবাইকে প্রতিবাদে সরব হতে বলেছেন মান্দানা করিমি। এ বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে ইচ্ছুক নন বলেও জানান তিনি। অভিনেত্রী বলেন, অন্তত সাহায্য করতে না পারলেও আমাদের সম্মানটুকু রক্ষা করুন। ইরানের সেই মানুষগুলোকে একটু সম্মান জানান, যারা চোখের সামনে দেশটাকে অদৃশ্য হয়ে যেতে দেখছেন। এটি শুধু রাজনীতি নয়, এ বড় যন্ত্রণার বলেও জানান মান্দানা। ‘কেয়া কুল হ্যায় হম’, ‘ভাগ জনি’, ‘রয়’–এর মতো ছবিতে অভিনয় করেছেন এ ইরানি অভিনেত্রী। 

এ মুহূর্তে ইউরোপে রয়েছেন মান্দানা। সেখানে নিরিবিলি রাস্তা দিয়ে হাঁটার সময়ও নিজেকে ভূতের মতো বলে মনে হচ্ছে তার। তাই তিনি লিখেছেন— আমার মনটা পড়ে রয়েছে আমার বাড়িতে, যেখানে আমার মা-ভাই, আত্মীয়স্বজন আতঙ্কে দিন কাটাচ্ছে। পরের ক্ষেপণাস্ত্রটা হয়তো ওদের বাড়ির ওপরই পড়বে।

মান্দানা করিমি বলেন, নিজের দেশকে পুড়তে দেখে অসহায় বোধ করছেন। তিনি বলেন, ইরান বলতে তিনি সরকার, প্রশাসন বোঝেন না। ইরান বলতে সেই দেশের মানুষকেই বুঝি। আমার মায়ের হাত বুঝি। সেই ইরানের মৃত্যু হচ্ছে। আমি ঠিক নেই।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম