Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আশা ভোঁশলের মৃত্যুর ‘ভুয়া’ খবর ভাইরাল, ক্ষুব্ধ পরিবার

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৭:১২ পিএম

আশা ভোঁশলের মৃত্যুর ‘ভুয়া’ খবর ভাইরাল, ক্ষুব্ধ পরিবার

আশা ভোঁশলেG ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের কিংবদন্তি গায়িকা আশা ভোঁশলের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় বিরক্তি প্রকাশ করেছে তার পরিবার। দিন শুরু হতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ছবি—যেখানে দেখা যায়, প্রবীণ গায়িকার গলায় মালা, সামনে ধূপকাঠি। এমন ছবি দেখে অনেকে ধরে নেন, সত্যিই হয়তো আশার মৃত্যু হয়েছে। অনেকেই কমেন্টে শোক প্রকাশও করেন।

তবে দুপুর গড়াতে গুজবের আসল চিত্র সামনে আসে। সংবাদমাধ্যম নিউজ১৮ নিশ্চিত করে জানায়, এ খবর পুরোপুরি মিথ্যা। ৯২ বছর বয়সেও আশা ভোঁশলে সুস্থ আছেন এবং স্বাভাবিক জীবনযাপন করছেন। মায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় তীব্র ক্ষোভ জানিয়েছেন তার ছেলে আনন্দ ভোঁশলে।

জানা গেছে, শাবানা শেখ নামের এক ফেসবুক ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে প্রথম এই গুজবটি ছড়ায়। সেই পোস্ট ভাইরাল হতেই অনেকেই ভোঁশলের পরিবারের সদস্যদের ফোন দিতে শুরু করেন।

পরে ফেসবুকে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে আশার ছেলে আনন্দ লেখেন, ‘এই খবর একেবারেই ভুয়া। মা একদম সুস্থ আছেন।’

উল্লেখ্য, মাত্র ক’দিন আগেই, ২৭ জুন, প্রয়াত সংগীত পরিচালক ও গায়ক রাহুল দেববর্মণের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন আশা ভোঁশলে। সেখানে তিনি গানও গেয়েছেন।

প্রায় আট দশকের সংগীতজীবনে তিনি ২০টি ভাষায় গেয়েছেন ১১ হাজারেরও বেশি গান। এই অনন্য অর্জনের স্বীকৃতি পেয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম উঠিয়ে।

বড় বোন লতা মঙ্গেশকরের হাত ধরে ১৯৪৩ সালে সংগীতজগতে প্রবেশ করেন আশা। প্রথমে মারাঠি সিনেমায় প্লেব্যাক দিয়ে শুরু হলেও ১৯৪৮ সালে ‘চুনারিয়া’ ছবির মাধ্যমে বলিউডে প্লেব্যাক শুরু করেন, আর একক কণ্ঠে হিন্দি গানে অভিষেক ঘটে ১৯৪৯ সালে।

১৯৮০ সালে দ্বিতীয়বার বিয়ে করেন রাহুল দেববর্মণকে। ১৪ বছরের দাম্পত্য জীবনের পর রাহুলের মৃত্যু ঘটে।

সংগীতের বাইরে রান্নার প্রতিও সমান আগ্রহ রয়েছে আশার। প্রায় ২০ বছর আগে রেস্তোরাঁ ব্যবসায় নাম লেখান তিনি, যার শাখা রয়েছে একাধিক দেশে।

সব মিলিয়ে, জীবিত কিংবদন্তি এই শিল্পীর মৃত্যু নিয়ে গুজব ছড়িয়ে শুধু বিভ্রান্তি নয়, পরিবারকেও করে তুলেছে ক্ষুব্ধ। বাস্তবে তিনি সুস্থ এবং সৃষ্টিশীল জীবনই কাটাচ্ছেন।

Advertisement

গান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম