Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মাথায় লাল দাগওয়ালা ছবিতে মেতেছে নেটদুনিয়া, এই দাগের রহস্য কী?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০১:৩৫ পিএম

মাথায় লাল দাগওয়ালা ছবিতে মেতেছে নেটদুনিয়া, এই দাগের রহস্য কী?

Advertisement

একটি লাল দাগ, যা এখন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু। তারকা থেকে সাধারণ মানুষ, বিভিন্ন গ্রুপ ছবির ওপরে আঁকা হচ্ছে এই রহস্যময় রেখা, যা মুহূর্তেই হয়ে উঠেছে এক নতুন ট্রেন্ড। মিম আর ট্রোল পেজগুলোতে এর ছড়াছড়ি, আর নেটিজেনরা মেতেছেন নানা কৌতূহলী মন্তব্যে। যারা এর পেছনের রহস্য জানেন না, তারা খুঁজতে চাইছেন ‘কনটেক্সট’, আর যারা জানেন, তারা করছেন একের পর এক মজার পোস্ট।

এই রহস্যময় লাল দাগের পেছনের আসল কারণ হলো- একটি জনপ্রিয় কোরিয়ান ওয়েব সিরিজ—‘এস লাইন’। এই থ্রিলারধর্মী সিরিজটি গত ১১ জুলাই থেকে কোরিয়ার স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ওয়্যাভ’-এ স্ট্রিমিং শুরু হয়েছে এবং এর প্রভাবই এখন সামাজিক মাধ্যমে স্পষ্ট।

সিরিজটির মূল গল্প আবর্তিত হয়েছে হিউন ইওপ নামের এক রহস্যময় তরুণীকে ঘিরে, যে এক অসাধারণ ক্ষমতা নিয়ে জন্ম নেয়। তার ক্ষমতা হলো, সে মানুষের মাথার ওপর একটি লাল রেখা দেখতে পায়, যা নির্দেশ করে কে কার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছে। এই লাল রেখাগুলো দৃশ্যমান হয় শুধু তারই কাছে।

গল্পের মোড় নেয় তখন, যখন একটি বিশেষ চশমার মাধ্যমে আরও কয়েকজন এই ‘এস লাইন’ দেখতে শুরু করে। আর ঠিক তখন থেকেই সমাজে ছড়িয়ে পড়ে ভয়াবহ বিশৃঙ্খলা। শিক্ষক, ছাত্র, পুলিশ—কেউই রেহাই পায় না এই নতুন বাস্তবতার হাত থেকে। সম্পর্কের গোপনীয়তা, ব্যক্তিগত সীমা এবং সামাজিক নৈতিকতার সব সীমারেখা মুছে যায় এই ‘এস লাইন’-এর প্রভাবে।

‘এস লাইন’ সিরিজটি মূলত জনপ্রিয় ওয়েবটুন নির্মাতা কোমাবি-র ‘ডেথ ট্রিলজি’র তৃতীয় কিস্তি। এর আগের দুটি সিরিজ ছিল ‘আ কিলার প্যারাডক্স’ এবং ‘আনরিজলভড’। ‘এস লাইন’ গল্পে সম্পর্ক, গোপনীয়তা, ব্যক্তিগত সীমা এবং সামাজিক নৈতিকতার মতো বিষয়গুলো নিয়ে নতুন করে ভাবনা উসকে দিয়েছে, যা দর্শকদের মধ্যে গভীর প্রভাব ফেলছে।

নেটিজেনদের মিম ও ট্রোলের হিড়িক

‘এস লাইন’-এর এই চমকপ্রদ গল্পের আঙ্গিক দর্শকদের এতটাই মুগ্ধ করেছে যে, তারা এটি নিয়ে মিম বানানোর হিড়িক শুরু করেছেন। অনেকেই তাদের পুরনো প্রেমিক-প্রেমিকাদের ছবিতে লাল দাগ এঁকে মজা করছেন। যেমন, বলিউডের সুপারস্টার সালমান খানের ছবিতে নেটিজেনরা লাল দাগ এঁকেছেন, যা তার আলোচিত সব সাবেক প্রেমিকাদের ছবির ওপর গিয়ে শেষ হয়েছে—ক্যাটরিনা কাইফ, সংগীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই, জ্যাকুলিন ফার্নান্দেজসহ অনেকে। এই মজার পোস্টগুলো ব্যাপক ভাইরাল হচ্ছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম