Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

গর্ভপাত প্রমাণের জন্য সনদ দেখাতে হয়েছিল স্মৃতি ইরানিকে

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১১:৫০ পিএম

গর্ভপাত প্রমাণের জন্য সনদ দেখাতে হয়েছিল স্মৃতি ইরানিকে

Advertisement

‘কিউকি সাস ভি কাভি বহু থি’-তে তুলসী চরিত্রে অভিনয় করে রাতারাতি পরিচিত হয়ে ওঠেন ভারতীয় রাজনীতিবীদ ও বলিউড অভিনেত্রী স্মৃতি ইরানি। তবে তার জীবনকাহিনি সিনেমার গল্পের চেয়েও কম নয়। জনপ্রিয়তার আড়ালে লুকিয়ে ছিল একের পর এক কঠিন বাস্তবতা। সম্প্রতি এক পডকাস্টে নিজের অতীত অভিজ্ঞতার কথাগুলো অকপটে শেয়ার করেছেন অভিনেত্রী থেকে রাজনীতিক হয়ে ওঠা স্মৃতি।

রাজ শামানির পডকাস্টে স্মৃতি বলেন, ‘আমার ছেলের বয়স তখন মাত্র তিন দিন। আমি ‘কিউকি’র সেটে ফিরে গিয়েছিলাম। কারণ প্রতিদিন রাত সাড়ে ১০টায় দর্শকেরা নতুন এপিসোড দেখতে চাইতেন।’ এই অবস্থায় তিনি কেবল একজন নতুন মা ছিলেন না, তার সঙ্গে চলছিল শারীরিক দুর্বলতা, মানসিক চাপ ও কাজের চরম তাড়া।

স্মৃতি জানান, গর্ভপাতের পরও তাকে শুটিং চালিয়ে যেতে হয়েছিল। ‘আমার গর্ভপাত হয়, কিন্তু তবুও শুটিং বন্ধ ছিল না। রবি চোপড়া আমাকে মাত্র এক সপ্তাহের ছুটি দিয়েছিলেন। কিন্তু সিরিয়ালের নিয়মিত প্রচারের কারণে কেউ বুঝতেই চায়নি আমি কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘একজন প্রোডাকশন সদস্য গিয়ে বলেছিল—শুটিং চলছে না, কারণ স্মৃতি ইরানি মিথ্যা বলছে। তখন আমাকে হাসপাতালে যেয়ে গর্ভপাতের সনদ এনে দেখাতে হয়েছিল, যাতে তারা বিশ্বাস করে যে সত্যিই আমার গর্ভপাত হয়েছিল।’

এটাই ছিল না একমাত্র ঘটনা। আরেকটি টিভি শো, ‘কুছ দিল সে’-এর জন্য স্মৃতি গর্ভাবস্থার শেষ দিন পর্যন্ত কাজ করে গেছেন। তার ভাষায়, ‘আমি নবম মাসের শেষ দিনেও একজন অতিথির সঙ্গে একটি টক শো করেছি। কারণ আমাকে বলা হয়েছিল, সন্তান জন্মের ৩০ দিনের মধ্যে ফিরতে হবে কাজে।’

তবে সবচেয়ে তিক্ত অভিজ্ঞতা ছিল সন্তানের জন্মের একদিন পর, হাসপাতালের বিছানায় শুয়েই ছাঁটাইয়ের খবর পাওয়া। স্মৃতি বলেন, ‘আমি তখন হাসপাতালে, সদ্য সন্তান জন্ম দিয়েছি। এমন সময় ফোনে একটি বার্তা পেলাম—আপনাকে বরখাস্ত করা হলো। অথচ আগের দিন পর্যন্ত আমি শুটিং করছিলাম। ওরা যেন অপেক্ষায় ছিল, কখন আমি হাসপাতালে যাব, আর সঙ্গে সঙ্গে ছাঁটাইয়ের বার্তা পাঠাবে।’

স্মৃতির দাবি, তারা তার আগে ধারণ করা কিছু পর্ব ব্যবহার করে একজন নতুন অভিনেত্রীকে দিয়ে সিরিয়াল চালিয়ে নিতে চেয়েছিল।

এই অভিজ্ঞতা সত্ত্বেও তিনি কোনো প্রতিশোধ নেননি। বরং স্মৃতি বলেন, ‘আমি শুধু হেসেছিলাম। কারণ আমি জানি, কর্মফল ঠিকই তার কাজ করবে। তারা বড় নাম দিয়ে শো চালাতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই শো আর শুরুই হয়নি।’

Advertisement

অভিনেত্রী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম