মেয়ের রিসেপশনে কেন অনুপস্থিত আমির খানের সাবেক স্ত্রী?
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ০৭:০৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সাবেক স্ত্রী রিনা এবং কিরণের প্রতি এখনো ভালোবাসা ও সম্মান আছে। করণ জোহরের চ্যাট শোয়ে গিয়ে এমন দাবি করেছিলেন বলিউড সুপারস্টার আমির খান। তার বলা প্রত্যেকটি কথা যে সত্য, তা ইরা খানের বিয়ের প্রতিটি অনুষ্ঠানে বেশ ভালোভাবেই দেখা যাচ্ছিল। দুই সাবেক স্ত্রীকে সঙ্গে নিয়েই ইরার বিয়ের যাবতীয় দায়িত্ব সামলেছেন আমির। কিন্তু ইরা-নুপুরের মুম্বাই রিসেপশনে কিরণ রাওকে দেখা গেল না। কারণ কী? এর জবাব দিয়েছেন এই সুপারস্টার।
আনন্দবাজারের অনলাইনে বলা হয়েছে- আমির খানের কন্যা ইরা খানের জন্য ২০২৪ সালের সূচনা আর পাঁচটা বছরের চেয়ে কিছুটা আলাদা। বছরটা শুরু হলো খান পরিবারে বিয়ের অনুষ্ঠান দিয়ে। আমিরের একমাত্র কন্যা ইরার বিয়ে। আমিরের প্রথম স্ত্রী রিনা দত্ত, তার সঙ্গে ১৬ বছরের সম্পর্কের পর বিচ্ছেদের পথে হাঁটেন আমির। তাদের দুই সন্তান জুনাইদ ও ইরা বেড়ে ওঠেন রিনার কাছেই। রিনার সঙ্গে বিচ্ছেদের কয়েক বছর পরে ২০০৫ সালে ‘লগান’ ছবির সহকারী পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির। সেই সম্পর্কে চিড় ধরে প্রায় ১৫ বছর পরে। ২০২১ সালে বিচ্ছেদ ঘোষণা করেন আমির ও কিরণ। দুবার বিয়ে করেছেন আমির, দুবারই ভেঙেছে বিয়ে। যদিও দুই সাবেকের সঙ্গে সুসম্পর্ক তার। পরিবারের মতোই থাকেন তারা। কিরণের প্রতি নিজে ভালোবাসার কথা বরাবরই বলে এসেছে আমির। মেয়ের আইনি বিয়ের দিন কিরণের গালে স্নেহের চুম্বন দেন আমির। তবু রিসেপশনে কী কারণে অনুপস্থিত কিরণ?
কিরণের সঙ্গে সম্পর্ক ভেঙেছে আমিরের তবে ছেলে আজাদকে বড় করার দায়িত্ব একসঙ্গেই পালন করেছেন। আমিরের প্রযোজনা সংস্থার কাজ সামলান কিরণই। বিয়ের সম্পর্ক টেকেনি বটে, তবে তাতে একে অপরের প্রতি শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা কমে যায়নি। এমন কথা বারবার বলেছেন আমির। তিনি যে এমন কথা স্রেফ বলার জন্য বলেননি, তার প্রমাণ মিলল তার মেয়ে ইরার বিয়েতেই। অভিনেতার মেয়ের বিয়ের সব অনুষ্ঠানে দেখা গিয়েছে কিরণকে। শুধু তাই নয়, উদয়পুরে বিয়ের অনুষ্ঠান নুপুর-ইরার জন্য বিশেষ গান গেয়েছিলেন কিরণ। সেই ছবি এবং ভিডিও এখন ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায়। তবে মুম্বাইয়ের অনুষ্ঠানে দেখা পাওয়া গেল না কিরণকে- যদিও ছেলে আজাদ সর্বক্ষণই ছিল বাবার সঙ্গে। কেন ইরার মুম্বাই রিসেপশনে এলেন না কিরণ? তাহলে কি বিয়ের অনুষ্ঠানের মাঝেই অশান্তি খান পরিবারে? কথা ওঠার আগেই আমির জানান, কিরণের শরীর খারাপ, সে কারণে আসতে পারেননি। তবে কিরণের পরিচালিত সিনেমা ‘লাপাতা লেডিজ’-এর অভিনেতাদের সঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন আমির।
