দীর্ঘ এক যুগ পর ঐক্যবদ্ধ হলেন নিউইয়র্কের কক্সবাজারবাসী
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সাংগঠনিক বিরোধের কারণে দীর্ঘ এক যুগ ধরে বিভক্ত থাকার পর ঐক্যবদ্ধ হয়েছেন নিউইয়র্কে বসবাসরত কক্সবাজারের প্রবাসীরা।
প্রবীণ প্রবাসী ও কমিউনিটি সংগঠক মোহাম্মদ আল জুবায়ের মানিকের উদ্যোগে বৃহস্পতিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে মধ্যস্থতার বৈঠকে এ ঐক্যমত হয়।
বৈঠকে কক্সবাজারের বিভিন্ন পক্ষের নেতৃস্থানীয় ব্যক্তিরা অংশ নেন। প্রবীণ প্রবাসী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন প্রবীণ প্রবাসী হাসান চৌধুরী।
বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে সাপ্তাহিক নবযুগের সম্পাদক ও ব্যবসায়ী শাহাব উদ্দিন সাগরকে চিফ কোঅর্ডিনেটর করে ১৩ সদস্যের একটি এডহক কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ৯ মাসের মধ্যে কক্সবাজারবাসীর অংশগ্রহণে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন—আক্তার হোসাইন, রফিকুল ইসলাম বাহাদুর, রফিক উল্লাহ রনি, নুরুল আজিম, সামিরুল ইসলাম বাবলু, মুর্তাজোর রহমান নওশার, মোহাম্মদ ইরফান, জহিরুল ইসলাম, মনসুর আলম, সফিউল আজম, নুরুল আবরার ও মোহাম্মদ নুরুল আমিন।
বৈঠকে মোহাম্মদ আল জুবায়ের মানিক বলেন, দীর্ঘদিন ধরে কক্সবাজারের প্রবাসীদের বিভিন্ন পক্ষের মধ্যে সাংগঠনিক বিরোধ চলে আসছিল। এতে সাধারণ প্রবাসীদের মধ্যেও অসন্তোষ তৈরি হয়। সব পক্ষকে এক ছাতার নিচে আনতেই তিনি ঐক্যের উদ্যোগ নিয়েছেন।
এডহক কমিটির চিফ কোঅর্ডিনেটর শাহাব উদ্দিন সাগর বলেন, ১৩ সদস্য মিলে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবেন। সদস্য সংগ্রহ, অর্থ সংগ্রহ, কল্যাণমূলক অনুষ্ঠান, গঠনতন্ত্র প্রণয়ন এবং নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করাই হবে কমিটির মূল লক্ষ্য।
