ঠাকুরগাঁওয়ের পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পিএম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
দুদিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওয়ানা হয়েছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম ঠাকুরগাঁও সফর।
রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওয়ানা দেন তিনি।
বঙ্গভবন প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
সফরসূচি অনুযায়ী, ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে হেলিকপ্টারে অবতরণের পর জেলা সার্কিট হাউসে যাবেন রাষ্ট্রপতি। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। দুদিনের সফর শেষে আগামী ৭ সেপ্টেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
এদিকে রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের নিরাপত্তাব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো জেলায় তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থান ও রাষ্ট্রপতির চলাচলের পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ২১ আগস্ট রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
