জবির দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে তরুণী ও কিশোরীর মৃত্যু
Advertisement
জবি প্রতিনিধি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে এক তরুণী ও এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- দক্ষিণ কেরানীগঞ্জ থানার আলুকান্দা স্ট্যান্ড বাজার পশ্চিমপাড়া এলাকার শফিকুল ইসলামের স্ত্রী জুলিয়া (২০) এবং একই এলাকার আতিকুর রহমানের মেয়ে রাবেয়া (১৪)।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ।
স্থানীয়রা জানান, সোমবার বিকাল ৩টার দিকে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নামার পর আর উঠতে পারেননি। পরে স্থানীয় জনসাধারণ তাদের উদ্ধার করেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয় বলে জানা যায়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এএসআই রেজাউল করিম জানান, বিকাল ৫টার দিকে স্থানীয় জনসাধারণ তাদের উদ্ধার করেন। লাশগুলোর বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে এ ঘটনার পর দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে জনসাধারণের গোসল ও ঘাট ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নোটিশে বিনা অনুমতিতে পুকুরে গোসল কিংবা ঘাটে প্রবেশ ও অবস্থান করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
