ডিএসসিসির প্রধান নগর পরিকল্পনাবিদের অতিরিক্ত দায়িত্ব বাতিল, নিয়োগের কাগজপত্র যাচাইয়ে কমিটি
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১১:৫২ পিএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) স্থপতি মোহাম্মদ সিরাজুল ইসলামের প্রধান নগর পরিকল্পনাবিদের অতিরিক্ত দায়িত্ব বাতিল করা হয়েছে। একই সঙ্গে তার নিয়োগকালীন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাসংক্রান্ত কাগজপত্র যাচাইয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১ জুন) ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুটি দপ্তর আদেশে এ তথ্য জানানো হয়।
এক আদেশে বলা হয়েছে, ডিএসসিসির স্থপতি পদে কর্মরত মোহাম্মদ সিরাজুল ইসলামকে ২০০৪ সালে দেওয়া প্রধান নগর পরিকল্পনাবিদের অতিরিক্ত দায়িত্ব বাতিল করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অন্য এক আদেশে বলা হয়, মোহাম্মদ সিরাজুল ইসলামের নিয়োগকালীন শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতাসংবলিত কাগজপত্র যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে ডিএসসিসির সচিবকে আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও সংস্থার আইন কর্মকর্তা।
দপ্তর আদেশ অনুযায়ী, কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
ডিএসসিসি জানিয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
