সন্তানকে শরীরের সঙ্গে বেঁধে অটোরিকশাচালকের আসনে নারী, পাশে দাঁড়াল ঢাকা জেলা প্রশাসন
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০২:৫৩ পিএম
আফরোজা ও তার মেয়ের এই জীবনসংগ্রামের কথা জানতে পেরে পাশে দাঁড়িয়েছে ঢাকা জেলা প্রশাসন।
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর ব্যস্ত সড়কে প্রতিদিন ছুটে চলে অসংখ্য অটোরিকশা। সেসবের কোনো একটির চালকের আসনে দেখা যায় আফরোজা নামে এক তরুণীকে। কিন্তু বাকি আট-দশজন থেকে তার জীবনের গল্পটি আলাদা। কেননা গল্পটি তার অটোরিকশা চালানোর নয়; সেটি এক মায়ের টিকে থাকার সংগ্রামের গল্প।
আফরোজা, বয়স আনুমানিক ২৬-২৭ বছর। তার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব ১১ মাস বয়সি মেয়ে তাইয়েবা। শিশুটিকে এক মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চান না তিনি। তাই অটোরিকশা চালানোর সময়ও মেয়েকে শরীরের সঙ্গে বেঁধে রাখেন। একদিকে জীবিকার তাগিদে গাড়ি চালানো, অন্যদিকে সন্তানের দেখভাল—দুটিই সামলে চলছেন এই মা।
আফরোজার মা মিরপুরের একটি বস্তিতে মাত্র ৫ ফুট বাই ৩ ফুটের একটি ঘরে থাকেন। সেখানে মেয়েকে নিয়ে আফরোজার থাকার মতো জায়গা নেই। ফলে শিশুসন্তানকে নিয়ে বস্তির পাশের গাছতলায় রাত কাটাতে হয় তাকে। রোদ, বৃষ্টি, ঝড়, ধুলাবালি আর যানবাহনের শব্দ—এসবই এখন তার নিত্যদিনের সঙ্গী।
অভাবের কাছে হার না মেনে সন্তানকে দুমুঠো খাবার তুলে দিতে অটোরিকশা চালানোর পথ বেছে নিয়েছেন আফরোজা। জীবিকার কঠিন বাস্তবতার মধ্যেও মেয়ের প্রতি তার মমতা ও দায়িত্ববোধ যেন আলাদা এক শক্তি হয়ে উঠেছে।
আফরোজা ও তার মেয়ের এই জীবনসংগ্রামের কথা জানতে পেরে পাশে দাঁড়িয়েছে ঢাকা জেলা প্রশাসন। জেলা প্রশাসক ফরিদা খানম তাদের পরিস্থিতির কথা জেনে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে সরকারের অঙ্গীকারের অংশ হিসেবে অসহায় ও সংগ্রামী মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে। আফরোজা ও তার মেয়ের জীবনসংগ্রামকে সম্মান জানিয়ে তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পাশাপাশি ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দিয়েছে ঢাকা জেলা প্রশাসন।
