কুমিল্লা আন্তঃজেলার ৭ ডাকাত সর্দার গ্রেফতার
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১০:৫৯ পিএম
ঢাকার কদমতলী এবং নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় অভিযান চালিয়ে এ ডাকাতদের গ্রেফতার করা হয়। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লা ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলার ৭ ডাকাত সর্দারকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুন, ধর্ষণ, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
সোমবার (৬ জুলাই) ঢাকার কদমতলী এবং নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় অভিযান চালিয়ে কুমিল্লা ডিবির এসআই পবিত্র সরকার এবং এসআই অর্ণব বড়ুয়া সঙ্গীয় ফোর্স তাদেরকে গ্রেফতার করে।
মঙ্গলবার (৭ জুলাই) বিকালে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. ইসমাইল (৩৫) চট্টগ্রাম জেলার আনোয়ারা এলাকার মৃত আছা মিয়ার ছেলে। মো. কামাল সিকদার (৪০) খুলনা জেলার দিঘলিয়া থানার দেওড়া গ্রামের মৃত মনু সিকদারের ছেলে।
মো. নোমান (৪০) লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চরপাগলা গ্রামের মৃত শহীদুল্লাহর ছেলে। রাসেল আলী (৩৫) বরিশাল জেলার বাবুগঞ্জ থানার কেদারপুর গ্রামের আলতাফ আলীর ছেলে। মো. রুবেল (৪২) কুমিল্লা জেলার দাউদকান্দি থানার ডলানগর গ্রামের মো. আলিল উল্লাহর ছেলে। সাখাওয়াত হোসেন (৩৮) নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার জয়াগপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। মো. জুয়েল রানা (৩৫) কুমিল্লার কোতোয়ালি থানার সংরাইশ এলাকার আমজাদ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত প্রত্যেক ডাকাত সর্দারের বিরুদ্ধে খুন, ধর্ষণ, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ ১৫-২০টি করে মামলা রয়েছে।
এ ব্যাপারে কুমিল্লা ডিবির ওসি মোহাম্মদ শামছুল আলম শাহ বলেন, সম্প্রতি ডাকাতি করে লাকসাম থানার ওসি এবং পুলিশের দুটি গাড়িচাপা দিয়ে খাদে ফেলে এসব ডাকাত পালিয়ে যায়। এরপর থেকে তাদেরকে গ্রেফতারে আমরা অভিযান পরিচালনা শুরু করি। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদেরকে শনাক্ত করে ঢাকা এবং নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

