লাকসামে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা
লাকসাম-মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১০:৪৫ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
লাকসামে স্বামীর পরকীয়ার কারণে সৃষ্ট পারিবারিক কলহের জেরে বিউটি রানী সরকার (২৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার মুদাফরগঞ্জ বাজার সংলগ্ন আনোয়ারা ভবনের তৃতীয় তলার ভাড়া বাসা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত বিউটি উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের নাগঝাটিয়া গ্রামের বিজয় সরকারের স্ত্রী ও পার্শ্ববর্তী বরুড়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের বলহরি রামের মেয়ে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মুদাফরগঞ্জ উওর ইউনিয়ন নাগঝাটিয়া গ্রামের নারায়ণ সরকারের ছেলে বিজয় সরকারের সঙ্গে পাশ্ববর্তী বরুড়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের বলহরি রামের মেয়ে বিউটি রানীর প্রায় ১৩ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে ৯ বছর বয়সি একটি কন্যা এবং ৬ ও ৩ বছর বয়সের দুটি ছেলে সন্তান রয়েছে।
প্রথম দিকে তাদের দাম্পত্য জীবন ভালো চললেও মাঝেমধ্যে ছোটখাটো ঝগড়া হতো, যা আবার মিটেও যেত। বিউটি রানীর স্বামী বিজয় সরকার একজন ব্যবসায়ী। ভাড়া বাসার নিচে স্বামীর মোটরসাইকেলের শোরুম রয়েছে। বেশ কিছুদিন ধরে বিউটি রানীর স্বামী পার্শ্ববর্তী বরুড়া উপজেলার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ মারাত্মক আকার ধারণ করে। বুধবার রাতেও এ নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়েছে বলে পাশের ভাড়াটিয়ার বাসিন্দারা জানান।
ওই ভবনটির বাসিন্দারা ধারণা করছেন, স্বামী পরকীয়ায় লিপ্ত থাকা নিয়ে সৃষ্ট কলহের জের ধরে স্ত্রী বিউটি রানী আত্মহত্যা করেছেন।
বাসিন্দারা বলেন, বুধবার রাতে নিজ কক্ষে সন্তানদের ঘুম পাড়িয়ে রাত দেড়টার দিকে বিউটি রানী পাশের আরেকটি রুমে দরজা বন্ধ করে দেন। সকালে সন্তানরা ঘুম থেকে উঠে মায়ের সাড়া না পেয়ে কান্নাকাটি করলে প্রতিবেশীরা সন্দেহবশত দরজা ছিদ্র করেন এবং তাকে রুমের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
বৃহস্পতিবার বিকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম থানার ওসি কাজী কামরুন নাহার লাইলি যুগান্তরকে বলেন, পারিবারিক কলহের জেরে এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

