Logo
Logo
×
   

সারাদেশ

‘সর্পদেবী’ চরিত্রে অভিনয় শেষে সাপের কামড়েই মৃত্যু হলো যুবকের

Icon

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৭:৪৪ পিএম

‘সর্পদেবী’ চরিত্রে অভিনয় শেষে সাপের কামড়েই মৃত্যু হলো যুবকের

ফাইল ছবি

নীলফামারীর কিশোরগঞ্জে সর্পদেবী পদ্মার চরিত্রে অভিনয়ের সময় সাপের কামড়ে বিজয় চন্দ্র নামে (১৮) এক যুবকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ডুমরিয়া সর্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

মৃত যুবক বিজয় ওই গ্রামের বিপুল চন্দ্রের ছেলে। লাশের পাশে একটি সাপ অবস্থান নেওয়ার খবর ছড়িয়ে পড়ায় উৎসুক জনতা সেখানে গিয়ে ভিড় করেন। 

স্থানীয়রা জানান, মনসামঙ্গল বা বিষহরি গানে বিজয় চন্দ্র সর্পদেবী পদ্মার চরিত্রে অভিনয় করেন। আসল সাপ মঞ্চে নিয়ে গিয়ে অভিনয় করায় তিনি বাড়িতে একটি সাপ রাখেন। এছাড়া কয়েকদিন আগে তিস্তা ক্যানেলে প্রতিবেশীর চায়না দুয়ারী জালে আটকা পড়া একটি সাপ ধরে আনেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ওই সাপ নিয়ে তার দলের সঙ্গে বড়ভিটা ইউনিয়নের বিন্নাকুড়ি কুমড়াপাড়ায় গান করতে যান। সর্পদেবী পদ্মার চরিত্রে অভিনয় শেষে সাপটিকে খাঁচায় ঢুকানোর সময় তার হাতে কামড় দেয়। পরে রাতের খাবার শেষে ব্যথা অনুভব হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার মৃত্যু হয়।  

শুক্রবার সকালে হাসপাতাল থেকে তার লাশ বাড়িতে নিয়ে আসার পর ব্রাহ্মণ এসে ধর্মীয় আনুষ্ঠানিকতার প্রস্তুতি নেয়। এ সময় লাশের পাশে স্থানীয়রা একটি সাপ দেখেছেন বলে জানায়। বিজয়ের লাশের বিষ তোলার জন্য সাপ এসেছে- এমন খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে একজন ওঝা এসে ঘণ্টাব্যাপী তন্ত্র-মন্ত্র করে ব্যর্থ হয়।

কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে। তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। লাশের দাহ্য কার্য চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম