Logo
Logo
×
   

সারাদেশ

মাদারগঞ্জে জোড়া খুনের মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

Icon

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৬:০৪ পিএম

মাদারগঞ্জে জোড়া খুনের মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

ফাইল ছবি

জামালপুরের মাদারগঞ্জে আলোচিত জোড়া খুনের মামলার রায়ে ১৪ আসামির মধ্যে ৭ আসামির মৃত্যুদণ্ড ও অপর ৭ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ নেজাম উদ্দিন এ রায় ঘোষণা করেন। 

এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৫০ হাজার ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মাদারগঞ্জ উপজেলার গজারিয়া গ্রামের সোহেল, সাখাওয়াত, আলামিন, উজ্জ্বল, অন্তর, সাদ্দাম ও ফাইজুর। 

যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামিরা হলেন— রিফাত, চান মিয়া, কাউসার, সুমন, মোস্তফা, শাহ আলম ও জিয়ের উদ্দিন। 

সাজাপ্রাপ্ত সব আসামি উপজেলার আদারভিটা ইউনিয়নের গজারিয়া গ্রামের বাসিন্দা। 

উল্লেখ্য, ২০১৬ সালের ১৬ মে রাতে গান শুনতে যাওয়ার কথা বলে সাখাওয়াত ও সোহেল নামে দুই আসামি উপজেলার গজারিয়া গ্রামের বাসিন্দা মহর আলী ও তার ভাতিজা স্বপন মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ঘটনার তিনদিন পর জোরখালি ইউনিয়নের কুকুরমারি গ্রামের একটি পাটখেত থেকে দুজনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত স্বপনের বাবা জাহাঙ্গীর আলম ২২ জনকে আসামি করে মাদারগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। বৃহস্পতিবার ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন আদালত। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .