Logo
Logo
×
   

সারাদেশ

দাঁত ভেঙে ও গরম কাস্তের ছ্যাঁকা দিয়ে নির্যাতনে গৃহবধূর মৃত্যু

Icon

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৭:৫৫ পিএম

দাঁত ভেঙে ও গরম কাস্তের ছ্যাঁকা দিয়ে নির্যাতনে গৃহবধূর মৃত্যু

ফাইল ছবি

জয়পুরহাটের কালাইয়ে যৌতুকের দাবিতে দাঁত ভেঙে ও গরম কাস্তের ছ্যাঁকা দিয়ে স্ত্রী মাছুদা বেগমকে (২৭) নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামী মেহেদী হাসানের বিরুদ্ধে। 

শুক্রবার (২১ আগস্ট) রাতে স্বামীর নির্যাতনে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার আটদিন পর তার মৃত্যু হয়। 

এ ঘটনায় নিহতের ভাই বছির উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ রাতেই অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে আজ শনিবার দুপুরে জেলহাজতে পাঠান।

গ্রেফতার স্বামী মেহেদী হাসান শাপলা উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের হারুঞ্জা গ্রামের মৃত আব্দুস সামাদ প্রামানিকের ছেলে। নিহত গৃহবধূ মাছুদা বেগম ক্ষেতলাল উপজেলার দাশড়া খাঁপাড়ার মৃত দিলবর মন্ডলের মেয়ে। 

কালাই থানার পরিদর্শক (তদন্ত) দিপেন্দ্র নাথ সিংহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই মেহেদী হাসান তার স্ত্রী মাছুদা বেগমের কাছে বিভিন্ন সময় যৌতুক দাবি করে আসছিলেন। টাকা না দেওয়ায় তাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এজাহারে বলা হয়, ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়। 

একপর্যায়ে মাছুদা অসুস্থ হয়ে পড়লে তাকে ঘরের ভেতর রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরদিন উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর গতকাল রাতে তার মৃত্যু হয়।

মামলার বাদী বছির মন্ডল বলেন, আমার বোনকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমি বোন হত্যার বিচার চাই। 

কালাই থানার পরিদর্শক (তদন্ত) দিপেন্দ্র নাথ সিংহ বলেন, চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়। ওই নিহতের ভাই মামলা দায়ের করেছে। রাতেই নিহতের স্বামী মেহেদী হাসান শাপলাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম