Logo
Logo
×
   

সারাদেশ

কুমিল্লায় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেফতার

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৭:৩৭ পিএম

কুমিল্লায় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেফতার

ছবি: সংগৃহীত

কুমিল্লায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা ৬টি মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকালে কুমিল্লা-সিলেট ময়নামতি-কাটা জঙ্গল এলাকায় অভিযান চালিয়ে এসব মোটরসাইকেলসহ চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। বিকালে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

কুমিল্লা ডিবির এসআই সৈয়দ ফারুক আহমেদ বলেন, একটি সংঘবদ্ধ চক্র ভারত থেকে অবৈধ উপায়ে সীমান্ত দিয়ে মোটরসাইকেল এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম কাটা জঙ্গল বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নেয়। এতে ৬টি মোটরসাইকেলে ৯ জন ব্যক্তি ওই এলাকায় পৌঁছালে পুলিশ তাদের থামার সংকেত দেয়। তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডিবি পুলিশ চারদিক থেকে ঘেরাও করে তাদের আটক করে। এ সময় বৈধ রেজিস্ট্রেশন বা মালিকানা সংক্রান্ত কাগজপত্র দিতে বললে তারা কিছুই দেখাতে পারেনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাইপথে এসব মোটরসাইকেল বাংলাদেশে আনা হয়েছিল। এগুলো কুমিল্লা, ফেনী ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় কামিম আহম্মদ (২৮), আ. করিম (৩০), সাইদুল ইসলাম (২২), পাবেল আহম্মদ (২৬), হোসাইন (২৩), রিপন চন্দ্র দাস (২৯), রাজু আহম্মদ (২৮), আবিদুল ইসলাম (২৮),কাওছার হোসেনকে (২৬) গ্রেফতার করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম