Logo
Logo
×
   

সারাদেশ

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চালু হলো দুই সার্ভিস সেতু

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পিএম

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চালু হলো দুই সার্ভিস সেতু

এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফিতা কেটে উদ্বোধন করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বহুল প্রতীক্ষিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত দুই লেনবিশিষ্ট, প্রতিটি ৩ দশমিক ১৭ কিলোমিটার দীর্ঘ দুটি সার্ভিস সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) আশুলিয়ার ধউর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফিতা কেটে উদ্বোধন করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পরে যান চলাচলের জন্য সেতু দুটি খুলে দেওয়া হয়।

এ সময় মন্ত্রী বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর আজ দেশের দীর্ঘতম উড়ালসড়ক ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ খুলে দেওয়া হলো। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ছয় মাসে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ অনেক দূর এগিয়ে নেওয়ায় আজ এর একাংশ খুলে দেওয়া সম্ভব হয়েছে। আগামী বছর প্রকল্পটির পুরো কাজ শেষ হবে বলেও জানান তিনি।

এ সময় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, সিএমসি প্রেসিডেন্ট কিউ আই ইয়ি এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুর রউফ বক্তব্য দেন।

দুই সংসদ সদস্য এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধন হওয়ায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানান।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, তুরাগ নদের পানিপ্রবাহ উন্মুক্ত রাখতে আশুলিয়া বাজার থেকে ধউর বেড়িবাঁধ পর্যন্ত বিদ্যমান সড়কটিও থাকছে না। ফলে টোল ছাড়াই সার্ভিস লেন ব্যবহার করে তুরাগ নদ পার হওয়া যাবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম