খাস জমি দখল করে বরখাস্ত ইউপি চেয়ারম্যান
Advertisement
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় নীলফামারীর কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব আব্দুর রহমান তার বরখাস্তের প্রজ্ঞাপন জারি করেছেন।
বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী ওরফে গ্রেনেড বাবু কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, অভিযুক্ত ইউপি চেয়ারম্যান সরকারি জমি দখল করে কিশোরগঞ্জ বাজারে অবৈধ স্থাপনা নির্মাণ করেন। ক্ষমতার অপব্যবহার করে তিনি ইউনিয়ন পরিষদের সরকারি অর্থ ব্যক্তি স্বার্থে সেখানে ব্যয় দেখান। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়। তবে জবাব সন্তোষজনক না হওয়ায় স্থানীয় সরকার আইনের ৩৪(৬) ধারায় তাকে চূড়ান্তভাবে অপসারণ করা হয়।
এ বিষয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী জানান, বাজারের খাস জমি লিজের জন্য আমিসহ অন্য ব্যবসায়ীরা আবেদন করলেও কর্তৃপক্ষ বন্দোবস্ত দেয় নাই। এ জন্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছি। সরকারি বরাদ্দের অর্থ দিয়ে আগের ইউএনওর সময়ে বাজারের পুকুর সংস্কার ও পাড় নির্মাণ করেছি। প্রতিহিংসার বশবর্তী হয়ে রাজনৈতিক প্রতিপক্ষ আমকে ঘায়েল করার অপচেষ্টা করছে। কিন্তু জনগণ আমার সঙ্গে রয়েছে। জনগণই এর জবাব দেবে।
কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান জানান, অনলাইনে সদর ইউপি চেয়ারম্যানকে বরখাস্তের প্রজ্ঞাপনের কপি পেয়েছি। সরকারের নির্দেশনা সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
