পদ্মার চরে মাছ শিকারিকে দুর্বৃত্তের গুলি
Advertisement
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীর বাঘায় পদ্মার চরে দুর্বৃত্তের গুলিতে মিনারুল ইসলাম প্রামাণিক (৩২) নামের এক মাছ শিকারি আহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পদ্মা নদীর খানপুর নিচপলাশী এলাকায় এ ঘটনা ঘটেছে।
তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয় বলে জানায় পুলিশ। গুলিবিদ্ধ মিনারুল ইসলাম প্রামাণিক খানপুর নিচপলাশী চরের মৃত জামাত আলী প্রামাণিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে খানপুর নিচপলাশী চরের পদ্মা নদীর রাজুর ঘাটে কাকন বাহিনীর লোকজন স্পিডবোটযোগে এসে এলোপাতাড়িভাবে গুলি ছুড়ে ঘাটে বেঁধে রাখা মোমতাজ বাহিনীর স্পিডবোট নিয়ে যায়। মাছ ধরা অবস্থায় তাদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন মিনারুল ইসলাম প্রামাণিক। তার পিঠে গুলি লাগে। তিনি সকালে মাছ ধরতে গিয়ে ছিলেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, দুষ্কৃতকারীরা আতঙ্গ ছড়ানোর জন্য গুলি ছোড়ে। এতে মিনারুল নামের একজন আহত হয়েছেন। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। পিঠে গুলি লাগা মিনারুলকে রাজশাহী মেডিকেলে ভর্তি করেছেন স্বজনরা। এ ঘটনায় ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
