স্ত্রীকে বিদেশে পাচার, স্বামীর যাবজ্জীবন
Advertisement
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরে স্ত্রীকে ভারতে পাচারের মামলায় জাহিদ শেখ (৪৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে ফরিদপুরের মানব পাচার, অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালে আলফাডাঙ্গায় এক নারীর সঙ্গে নড়াইলের কালিয়া উপজেলার এক যুবকের বিয়ে হয়। কয়েক মাস পর তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরে ওই নারীর সঙ্গে জাহিদের সম্পর্ক গড়ে ওঠে। জাহিদ পোশাক কারখানায় চাকরি দেওয়ার কথা বলে তাকে ঢাকায় নিয়ে যান এবং পরে বিয়ে করেন। অভিযোগ অনুযায়ী, বিয়ের পর তাকে ভারতের কেরালায় পাচার করে দেওয়া হয়। সেখানে কেরালা পুলিশ ওই নারীকে আটক করে। পরে আইনজীবীর সহায়তায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়।
এ ঘটনায় ওই নারীর মা বাদী হয়ে ২০১৬ সালের ৫ মার্চ জাহিদসহ ছয়জনের বিরুদ্ধে মানব পাচারের মামলা করেন। তদন্ত শেষে আলফাডাঙ্গা থানার এসআই মো. কামরুজ্জামান ছয় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আদালত একই আইনের অপর একটি ধারায় জাহিদকে আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। তবে দুই সাজা একসঙ্গে ভোগ করবেন তিনি।
মামলার অপর পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।
