নিখোঁজের ১১ দিনেও সন্ধান মেলেনি মিমের
Advertisement
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
হবিগঞ্জের বানিয়াচংয়ে নিখোঁজের ১১ দিন পেরিয়ে গেলেও মাদ্রাসাছাত্রী ফাবিয়া তাবাসসুম মিমের (১০) সন্ধান মেলেনি। তাকে না পেয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার। দ্রুত মীমকে খুঁজে বের করতে পুলিশি তৎপরতা আরও জোরদারের দাবি জানিয়েছেন তার স্বজন ও স্থানীয়রা।
নিখোঁজ মীম বানিয়াচং উপজেলার চতুরঙ্গ রায়েরপাড়া এলাকার খোয়াজ উল্ল্যাহ মিয়ার মেয়ে। সে স্থানীয় দারুল হিকমাহ তালীমুল কোরআন একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্রী।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, মীম নিখোঁজের ঘটনায় থানায় জিডি হওয়ার পর থেকেই পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। তাকে উদ্ধারে বিভিন্ন স্থানে খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্ত ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। মীমকে উদ্ধারে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
পরিবারিক সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর বিকাল ৪টায় সহপাঠীদের সঙ্গে মাদ্রাসায় যায় মীম। রাত ৮টায় মাদ্রাসা ছুটির পর অন্য শিক্ষার্থীরা বাড়ি ফিরলেও মীম আর বাড়ি ফেরেনি। পরে পরিবারের লোকজন মাদ্রাসায় গিয়ে তার বই-খাতা ও ব্যাগ পড়ে থাকতে দেখেন; কিন্তু মীমের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় মীমের বাবা খোয়াজ উল্ল্যাহ ১৮ সেপ্টেম্বর বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। স্থানীয়ভাবে মাইকিংও করা হয়। মীমের সন্ধানের দাবিতে স্থানীয়রা মানববন্ধনও করেন। তবে নিখোঁজের ১১ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মীমের সন্ধান না পাওয়ায় পরিবারের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও উদ্বেগ বাড়ছে।
মীমের চাচাতো বোন মারজিয়া খানম পলি জানান, ১৭ সেপ্টেম্বর সকালে মীম মাদ্রাসায় ক্লাশ করতে যায়। দুপুরে বাড়িতে এসে খাওয়া-দাওয়া করে ৪টার দিকে আবার মাদ্রাসায় চলে যায়। মাদ্রাসায় যাওয়ার পর মীম আর বাড়িতে ফিরেনি। আমাদের সব আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে মীমের সন্ধান করেছি। কোথাও তার সন্ধান পাইনি। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন মীমকে উদ্ধারের জন্য তারা মাঠে কাজ করছেন; কিন্তু এখন পর্যন্ত কেউ মীমের সন্ধান দিতে পারছেন না। এতে মীমের বাবা-মাসহ পরিবারের সদস্য দিশেহারা হয়ে পড়েছেন।
এ ব্যাপারে মাদ্রাসা কর্তৃপক্ষ বলছেন- ঘটনার দিন সকালে মীম মাদ্রাসায় এলেও বিকালে মীম মাদ্রাসায় আসেনি। ওই দিনের মাদ্রাসার সংরক্ষিত সিসি ক্যামেরা ফুটেজও পরিষ্কারভাবে কিছু বুঝা যাচ্ছে না। মাদ্রাসাছাত্রী মীম নিখোঁজ হাওয়ার ঘটনায় এলাকার অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই তাদের শিশু সন্তানদের মাদ্রাসায় পাঠাতে ভয় পাচ্ছেন।
