সম্পর্ক টিকিয়ে রাখার মন্ত্র জানালেন ঐশ্বরিয়ার সাবেক প্রেমিক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৭:২০ পিএম
বলিউড অভিনেতা বিবেক। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
জেন জিদের সম্পর্ক নাকি খুবই ঠুনকো, মেয়াদও অল্প। অনিশ্চয়তায় ভরা এই সময়ে দাঁড়িয়ে তাই প্রশ্ন ওঠে— সম্পর্ক টিকিয়ে রাখা কি সত্যিই কঠিন? এবার সেই প্রশ্নের উত্তর দিলেন বলিউড অভিনেতা বিবেক ও'বেরয়। ঐশ্বরিয়া রাইয়ের সাবেক এই প্রেমিক বলেন, সম্পর্ক টিকিয়ে রাখতে ভালোবাসার পাশাপাশি প্রয়োজন সময় ও পারস্পরিক সম্মান।
বিবেক বলেন, ‘ভালোবাসা খুব সুন্দর। কিন্তু সময় ও সম্মান ছাড়া প্রেম টেকে না। বর্তমানে প্রত্যেকেই কোনো না কোনো কাজে ব্যস্ত। ফলে সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটানোর সুযোগ কমে যাচ্ছে। তবে সঙ্গী যদি আপনার সময় চান, তাহলে সেটিকে সৌভাগ্য হিসেবেই দেখা উচিত— এমনটিই জানিয়েছেন অভিনেতা।
শুধু সময় দিলেই অবশ্য সম্পর্ক মজবুত হয় না উল্লেখ করে এ অভিনেতা বলেন, যে কোনো সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হলো— পারস্পরিক সম্মান। শারীরিক হেনস্তার পাশাপাশি মৌখিক হেনস্তাও কোনোভাবেই মেনে নেওয়া উচিত নয়। দুজন মানুষ কীভাবে একে অন্যের সঙ্গে কথা বলছেন, সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিয়ে মানে সেখানে দুজন মানুষ সমান বলেও জানান তিনি।
বিবেক ও'বেরয় বলেন, সম্পর্ক টিকিয়ে রাখতে দামি উপহার, বছরে দুবার বিদেশ ভ্রমণ কিংবা বিলাসবহুল জীবনযাপনের প্রয়োজন নেই। বরং সঙ্গীকে সময় দেওয়া, তার কথা শোনা এবং সম্মান করাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। এ যত্ন ও বোঝাপড়া থাকলে সম্পর্কও হয়ে ওঠে অনেক বেশি দৃঢ়।
তিনি বলেন, ভালোবাসার চেয়েও অনেক সময় বেশি জরুরি সম্মান। যে সম্পর্কে পারস্পরিক সম্মান থাকে না, সেই দাম্পত্যের আয়ু কম। আবার ভালোবাসা মানেই যে সবসময় একসঙ্গে থাকতে হবে— এমনটিও নয়। একই ছাদের নিচে থেকেও যদি দুজন মানুষ একে অন্যকে সময় না দেন, মানসিকভাবে দূরে থাকেন, তাহলে সেই সম্পর্কের ভিতও দুর্বল হয়ে যেতে পারে। তাই সম্পর্কের ক্ষেত্রে সবসময় পাশাপাশি থাকা নয়, বরং মানসিকভাবে একে অন্যের কাছে থাকা, সঙ্গীর আবেগকে গুরুত্ব দেওয়া এবং প্রয়োজনের সময়ে ‘ইমোশনালি অ্যাভেলেবল’ থাকা বেশি জরুরি। ভালোবাসার সঙ্গে সময় ও সম্মানের এই ভারসাম্যই দীর্ঘস্থায়ী সম্পর্কের অন্যতম চাবিকাঠি বলে জানান এ অভিনেতা।

