Logo
Logo
×
   

বিনোদন

সেই ২ অক্টোবরেই প্রেক্ষাগৃহে আসছে অজয়ের ‘দৃশ্যম ৩’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৬:৩০ পিএম

সেই ২ অক্টোবরেই প্রেক্ষাগৃহে আসছে অজয়ের ‘দৃশ্যম ৩’

‘দৃশ্যম’ সিনেমার গল্পে ২ অক্টোবর শুধু একটি তারিখ নয়, বরং পুরো কাহিনির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সেই বিশেষ তারিখকে ঘিরেই তৈরি হয়েছে সিনেমার রহস্য ও উত্তেজনা। এবার ‘দৃশ্যম’ সিরিজের তৃতীয় কিস্তির মুক্তির তারিখও রাখা হয়েছে সেই ২ অক্টোবর।

মালয়ালম সিনেমার হিন্দি রিমেক হিসেবে অজয় দেবগণের ‘দৃশ্যম’ ও ‘দৃশ্যম ২’ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। দুই কিস্তিই বক্স অফিসে সাফল্য পাওয়ার পর এবার পর্দায় আসছে সিরিজের তৃতীয় অধ্যায়—‘দৃশ্যম: দ্য কনক্লুশন’। সিনেমাটির মুক্তির তারিখ আগেই ঘোষণা করা হয়েছিল। এবার প্রকাশ করা হয়েছে সিনেমার নাম ও নতুন পোস্টার।

সোমবার (২৪ আগস্ট) প্রকাশিত পোস্টারে দেখা গেছে শুধু অজয় দেবগণের একটি চোখ। রহস্যময় সেই চোখ যেন সিনেমার গল্পে লুকিয়ে থাকা নতুন সব প্রশ্ন ও মোড়ের ইঙ্গিত দিচ্ছে।

পোস্টার প্রকাশ করে অজয় লিখেছেন, ‘প্রতিটা মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা হয়। আর আমার কাছে আমার পরিবারই সবকিছু।’ পোস্টারেও রয়েছে আরেকটি বার্তা—‘আমার কাছে সত্য, সঠিক কেবলই আমার পরিবার।’ ফলে ধারণা করা হচ্ছে, আগের দুই সিনেমার মতো এবারও পরিবারের সুরক্ষাই বিজয় সালগাঁওকারের (অজয়ের চরিত্র) প্রধান লক্ষ্য হয়ে থাকবে।

এর আগে প্রকাশিত টিজারেও বিজয়ের মানসিক অবস্থার কিছুটা আভাস মিলেছিল। সেখানে তাকে নিয়ে বছরের পর বছর ধরে মানুষের দেওয়া নানা পরিচয় ও মন্তব্যের কথা বলতে শোনা যায়। তবে বিজয়ের কাছে সবকিছুর ঊর্ধ্বে তার পরিবারই সত্য—এমন বার্তাই টিজারে স্পষ্ট করা হয়েছিল।

অভিষেক পাঠকের পরিচালনায় নির্মিত ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’-এ অজয় দেবগণের সঙ্গে অভিনয় করেছেন টাবু, শ্রিয়া শরণ, রজত কাপুর, ইশিতা দত্ত, কমলেশ সাওয়ান্ত, জয়দীপ আহলাওয়াত ও প্রকাশ রাজসহ আরও অনেকে।

দুই সফল কিস্তির পর তৃতীয় পর্বে বিজয় সালগাঁওকারের গল্প কোন নতুন মোড় নেয়, সেটিই এখন দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দু।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম