Logo
Logo
×
   

বিনোদন

শাহরুখের ব্যবহারে মুগ্ধ হিনা খান, শোনালেন বিমানযাত্রার স্মৃতি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৮:১৯ পিএম

শাহরুখের ব্যবহারে মুগ্ধ হিনা খান, শোনালেন বিমানযাত্রার স্মৃতি

অভিনয়ের পাশাপাশি নিজের ভদ্র ও আন্তরিক ব্যবহারের জন্যও ভক্তদের কাছে বেশ জনপ্রিয় শাহরুখ খান। এবার বলিউডের এই তারকার সঙ্গে নিজের একটি বিশেষ অভিজ্ঞতার কথা জানালেন টেলিভিশন অভিনেত্রী হিনা খান।

সম্প্রতি এক পডকাস্টে হিনা জানান, একবার শাহরুখের সঙ্গে একই বিমানে ভ্রমণের সময় তার সঙ্গে ছবি তোলার সুযোগ হয়েছিল। তখন শাহরুখ প্রচণ্ড ক্লান্ত হয়ে ঘুমাচ্ছিলেন। কফি খাওয়ার জন্য ঘুম থেকে চোখ খোলার পর হিনা তার কাছে ছবি তোলার আবদার করেন।

শাহরুখ তখন হিনাকে একটু অপেক্ষা করতে বলেন। কফি শেষ করে আবার ঘুমিয়ে পড়েন তিনি। বিমান অবতরণের পর হিনা ধরে নিয়েছিলেন, আর হয়ত ছবি তোলা সম্ভব হবে না। কিন্তু তাকে অবাক করে দিয়ে শাহরুখ নিজেই উঠে তাকে ডাকেন এবং ছবি তোলেন।

হিনা আরও জানান, এরপর বাসে যাওয়ার সময়ও শাহরুখের ক্লান্তি স্পষ্ট ছিল। তিনি বাসের একেবারে শেষ সিটে গিয়ে শুয়ে পড়েন। টানা কয়েক দিন সিনেমার প্রচারে ব্যস্ত থেকে পর্যাপ্ত ঘুম না হলেও ভক্ত ও সহকর্মীদের প্রতি শাহরুখের এমন আন্তরিক আচরণ হিনার মনে গভীর ছাপ ফেলেছে।

হিনার ভাষ্য, সেই ঘটনার কথা তিনি আজীবন মনে রাখবেন। শাহরুখের এই সৌজন্য ও মানবিক আচরণই তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে।

এদিকে স্তন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের মধ্যেও কাজ থেকে নিজেকে দূরে রাখেননি হিনা খান। মডেলিং, রিয়েলিটি শো ও ওটিটির বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কাজের আপডেট দেওয়ার পাশাপাশি ক্যানসারের বিরুদ্ধে তার লড়াইয়ের নানা মুহূর্তও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম