Logo
Logo
×
   

বিনোদন

জন্মদিনেই যেভাবে মৃত্যুর গুজব ছড়াল এই হলিউড তারকার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১২:০০ পিএম

জন্মদিনেই যেভাবে মৃত্যুর গুজব ছড়াল এই হলিউড তারকার

মার্কিন অভিনেতা অ্যারন পল সম্প্রতি তার ৪৭তম জন্মদিন উদযাপন করেছেন। ছবি: সংগৃহীত

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত জনপ্রিয় মার্কিন অভিনেতা অ্যারন পল সম্প্রতি তার ৪৭তম জন্মদিন উদযাপন করেছেন। তবে ২৭ আগস্ট তার জন্মদিন উপলক্ষ্যে ভক্তদের শুভেচ্ছা বার্তার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অপ্রত্যাশিত বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। কিছু পোস্টের কারণে অনেকেই ধরে নেন যে এই অভিনেতা হয়তো আর বেঁচে নেই। 

তবে জানা গেছে, অভিনেতার হঠাৎ মৃত্যুর খবরের কোনো ভিত্তি নেই। অ্যারন পল সম্পূর্ণ সুস্থ আছেন এবং সম্প্রতিই নিজের জন্মদিনের মুহূর্তটি উদযাপন করেছেন। খবর এনডিটিভির। 

সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু শুভানুধ্যায়ীর দেওয়া শুভেচ্ছা বার্তার ধরন ও গ্রাফিক্স ডিজাইনের কারণেই মূলত এই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। পোস্টগুলো দেখতে অনেকটাই কোনো মৃত তারকার উদ্দেশ্যে দেওয়া শ্রদ্ধাঞ্জলির মতো হওয়ায়, অনেক ব্যবহারকারী না বুঝে সেগুলোকে শোকবার্তা ভেবে ভুল করেন। 

তাছাড়া ‘ব্রেকিং ব্যাড’-এ জেনি পিংকম্যান চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া এই অভিনেতা সাম্প্রতিক সময়ে অনলাইনে বেশ নিষ্ক্রিয় ছিলেন, যা এই বিভ্রান্তিকে আরও উসকে দেয়। 

ইনস্টাগ্রামে অ্যারন পলের শেষ আপডেটটি এসেছিল ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। সে সময় তিনি তার ভক্তদের জানিয়েছিলেন যে, তিনি মোবাইল ফোন থেকে কিছুদিন দূরে থাকতে চান এবং জীবনের অন্যান্য সৃজনশীল কাজে মন দিতে চান। 

তিনি লিখেছিলেন, ‘আপাতত বিদায় আমার বন্ধুরা। আমার একঘেয়েমি কমিয়ে আরও অনুপ্রাণিত হওয়া দরকার। আমি ফোন দূরে সরিয়ে রেখে সেটাই করতে যাচ্ছি। সবার জন্য ভালোবাসা!’ 

এরপর থেকে তিনি ইনস্টাগ্রামে নিয়মিত আর কোনো পোস্ট করেননি। অভিনেতার পক্ষ থেকে নতুন কোনো আপডেট না থাকায়, বিভ্রান্তিকর জন্মদিনের পোস্টগুলোকে ভক্তদের অনেকেই সত্যি বলে বিশ্বাস করে ফেলেন। তবে তার এই সামাজিক যোগাযোগমাধ্যমের বিরতির পেছনে কোনো শারীরিক অসুস্থতা ছিল—এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

বর্তমানে কী করছেন অ্যারন পল? 

সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকলেও চলচ্চিত্র ও টেলিভিশনে অ্যারন পলের কাজ থেমে নেই। ফ্লাইং লোটাস পরিচালিত তার সর্বশেষ সায়েন্স-ফিকশন ও সাইকোলজিক্যাল হরর সিনেমা ‘অ্যাশ’ ২০২৫ সালের ২১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 

এই সিনেমাটিতে অ্যারন পল ‘ব্রায়ান’ চরিত্রে এবং ইজা গঞ্জালেস ‘রিয়া’ চরিত্রে অভিনয় করেন। অচেনা এক গ্রহে ঘুম ভাঙার পর রিয়া জানতে পারে তার দলের সবাই মারা গেছে, ঠিক তখনই সেখানে আগমন ঘটে ব্রায়ানের—এমনি এক টিকে থাকার লড়াইয়ের গল্প নিয়ে ছবিটি তৈরি। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম