Logo
Logo
×
   

আনন্দ নগর

হলিউডের অচেনা দিক দেখাবেন ব্র্যাড পিট

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হলিউডের অচেনা দিক দেখাবেন ব্র্যাড পিট

হলিউডের পর্দায় আবারও ফিরছেন ক্লিফ বুথ। ২০১৯ সালের বহুল প্রশংসিত ‘ওয়ানস আপন আ টাইম ইন হলিউড’ সিনেমায় ব্র্যাড পিট অভিনীত এই জনপ্রিয় চরিত্র এবার পাচ্ছে নিজের গল্প। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, নতুন সিনেমাটির নাম ‘দ্য ফারদার মিস-অ্যাডভেঞ্চারাস অফ ক্লিফ বুথ’। আর সবচেয়ে বড় চমক, চিত্রনাট্য লিখেছেন কুয়েন্টিন ট্যারান্টিনো, পরিচালনায় রয়েছেন ‘ফাইট ক্লাব’ ও ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’খ্যাত ডেভিড ফিঞ্চার।

নেটফ্লিক্সের ঘোষণা অনুযায়ী, সিনেমাটি আগামী ২৫ নভেম্বর থেকে বিশ্বব্যাপী দুই সপ্তাহ আইম্যাক্সে প্রদর্শিত হবে। এরপর ২৩ ডিসেম্বর থেকে শুরু হবে নেটফ্লিক্সে স্ট্রিমিং।

নতুন সিনেমার গল্পের সময়কাল ১৯৭৭ সাল, প্রথম সিনেমার ঘটনার আট বছর পর। সে সময়ের হলিউডে ফিরে এসে ক্লিফ বুথকে মুখোমুখি হতে হবে বদলে যাওয়া এক চলচ্চিত্রজগতের। স্টান্ট ডাবল হিসাবে পরিচিত এ চরিত্রের জীবনে এবার কী ধরনের বিপত্তি অপেক্ষা করছে, সেটিই হতে যাচ্ছে গল্পের অন্যতম আকর্ষণ।

নতুন সিনেমায় ব্র্যাড পিটের সঙ্গে অভিনয় করছেন এলিজাবেথ ডেবিকি, স্কট কান, কার্লা গুজিনো, ইয়াহিয়া আবদুল-মাতিন ওও, পিটার ওয়েলারসহ আরও অনেকে। প্রযোজনার দায়িত্বে থাকছেন ব্র্যাড পিট ও সিয়ন চ্যাফিন।

ক্লিফ বুথ চরিত্রটির সঙ্গে দর্শকের প্রথম পরিচয় ২০১৯ সালে। ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড’-এ তিনি ছিলেন অভিনেতা রিক ডালটনের স্টান্ট ডাবল ও ঘনিষ্ঠ বন্ধু। সিনেমাটিতে রিক ডালটনের চরিত্রে অভিনয় করেছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও। এটি বিশ্বব্যাপী আয় করেছিল প্রায় ৩৭৭ মিলিয়ন ডলার। ১০টি অস্কার মনোনয়নের মধ্যে জিতেছিল দুটি পুরস্কার। এর একটি ছিল ব্র্যাড পিটের অভিনয়ের প্রথম অস্কার।

এবারের সিনেমা নিয়ে কৌতূহল অবশ্য শুধু গল্প বা তারকাদের ঘিরে নয়; ট্যারান্টিনো ও ফিঞ্চারের জুটিও তৈরি করেছে আলাদা প্রত্যাশা। তবে পরিচালকের আসনে ট্যারান্টিনো না থাকার পেছনে রয়েছে তার নিজের সিদ্ধান্ত। তিনি জানিয়েছেন, নিজের সম্ভাব্য শেষ সিনেমাটি সিক্যুয়েল হিসাবে নির্মাণ করতে চাননি। তার মতে, চিত্রনাট্যটি ভালো লাগলেও একই পথে আবার হাঁটার বিষয়টি তাকে যথেষ্ট উৎসাহিত করেনি।

ফেব্রুয়ারির সুপার বোলেও সিনেমাটির একটি সংক্ষিপ্ত টিজার প্রকাশ করেছিল নেটফ্লিক্স। সেখানে ক্লিফ বুথের কণ্ঠে শোনা যায়, ভালো গল্পের পথে বাধা হয়ে দাঁড়ানোর চেয়ে তাকে এগিয়ে যেতে দেওয়াই বুদ্ধিমানের কাজ।

তবে এবার গল্পের কেন্দ্রেই যখন সেই ক্লিফ বুথ, তখন প্রশ্ন একটাই, বদলে যাওয়া হলিউডে তার পরবর্তী ‘দুর্ভোগ’ কতটা রোমাঞ্চকর হতে যাচ্ছে? উত্তর মিলবে নভেম্বরের আইম্যাক্স পর্দায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম