Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

কবে ফিরবেন বুবলী

দীর্ঘদিন পর্দায় নেই শবনম বুবলী। প্রকাশ্যেও দেখা যাচ্ছে না তাকে। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলেও দ্বিতীয় সন্তান জন্মদানের খবরের পর থেকে অনেকটা আড়ালে তিনি।

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দ্বিতীয়বার মা হওয়ার পর থেকে সিনেমা ও জনজীবন থেকে অনেকটা দূরে রয়েছেন ঢালিউড অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী। ক্যারিয়ারের ১০ বছর পূর্তির সময়ে তার এই দীর্ঘ নীরবতা নিয়ে ভক্ত ও সিনেমাপাড়ায় নতুন করে প্রশ্ন উঠেছে, কবে ফিরবেন তিনি? ২০১৬ সালে তার প্রথম সিনেমা মুক্তি পায়। এদিকে সম্প্রতি গেল তার জন্মদিন। প্রতিবছর দিনটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় সরব থাকলেও এবার পরিস্থিতি ছিল ভিন্ন। কোথাও তাকে দেখা যায়নি।

গত ৫ জুন বুবলী জানান, ১১ মে এক কন্যাসন্তানের মা হয়েছেন তিনি। বাবা শাকিব খান। নাম রেখেছেন শারলিন খান। এরপর থেকে তাকে খুব একটা সামনে দেখা যায়নি। গেল রোজার ঈদে তার অভিনীত ‘প্রেশার কুকার’ নামে একটি সিনেমা মুক্তি পেলেও সেটার প্রচার-প্রচারণায়ও অনুপস্থিত ছিলেন তিনি। একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও তার সক্রিয়তা ছিল সীমিত। সর্বশেষ তাকে ২০২৫ সালের শেষ দিকে ‘জংলি’ নামে একটি সিনেমার ইভেন্টে প্রকাশ্যে দেখা গেছে। এরপর থেকেই গায়েব তিনি। মাঝে মধ্যে অনলাইনে হাজিরা দেন। কিন্তু বাস্তবে দেখা নেই।

এমনিতে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন বুবলী। শাকিব খানের সঙ্গে বিয়ে এবং প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্মের খবর দীর্ঘ সময় গোপন রেখেছিলেন তিনি। ২০২২ সালে বিষয়টি প্রকাশ্যে আসার পর তাদের সম্পর্ক ও নানা বিতর্ক অনেক সময় তার অভিনয়ের খবরকেও ছাপিয়ে গেছে। এ ছাড়া শাকিবের আগের স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে তো তার ঝুট-ঝামেলা নিত্যদিনকার বাহাস ছিল।

এদিকে অভিনয়ের পাশাপাশি বছরখানেক আগে প্রযোজনায়ও নাম লিখিয়েছেন বুবলী। তার প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম কাজ ‘ঠিকানা’ নামে একটি শর্টফিল্ম নির্বাচিত হয়েছে আসন্ন ২৫তম ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ‘প্যানোরামা ট্যালেন্ট সেকশন’-এ। জন্মদিনেই সিনেমাটির পোস্টার ফেসবুকে নিজের অ্যাকাউন্টে প্রকাশ করেন তিনি। এ ছাড়া কোরিওগ্রাফার গৌতম সাহার সঙ্গে একটি ভিডিও বার্তায় আগামী জানুয়ারিতে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথাও জানান তিনি। একে অনেকে তার জনসমক্ষে ফেরার ইঙ্গিত হিসাবে দেখছেন। তবে এসব উপস্থিতি কেবল অনলাইন দুনিয়ায়। বাস্তবে কোথাও নেই বুবলী।

তার অভিনয়ে ফেরা নিয়েও কৌতূহল রয়েছে। জাহিদ হোসেন পরিচালিত ‘ঢাকাইয়া দেবদাস’ নামে একটি সিনেমায় অভিনয় করা কথা রয়েছে তার। সিনেমাটির মহরত হয়েছিল গত বছর। নির্মাতা তখন জানিয়েছিলেন, পুরান ঢাকার ভাষা ও সংস্কৃতির পটভূমির এ সিনেমায় বুবলীকে দেখা যাবে এক সুন্নি তরুণীর চরিত্রে। তার বিপরীতে শিয়া যুবকের ভূমিকায় অভিনয় করবেন আদর আজাদ। চরিত্রের প্রয়োজনে দুজনকেই উর্দু সংলাপ বলতে হবে। সিনেমাটির বেশ কিছু অংশের শুটিং হয়েছে। কিন্তু বুবলীর অনুপস্থিতির কারণে এ সিনেমাটি আটকে আছে। প্রসঙ্গক্রমে নির্মাতা জানান, বর্তমানে সন্তান ও নিজের পরিচর্যায় সময় দিচ্ছেন বুবলী। তাই তার অংশের শুটিংয়ের আগে সিনেমার অন্যান্য অংশের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। গত সেপ্টেম্বরেই সিনেমাটির শুটিংয়ে ফেরার কথা ছিল বুবলীর। কিন্তু এখন নতুন করে শিডিউল সাজানো হয়েছে আগামী বছরের জানুয়ারিতে। তবে নিয়মিত অভিনয়ে ফেরার আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেননি বুবলী।

উল্লেখ্য, ২০১৬ সালে ‘বসগিরি’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় বুবলীর। এতে তার বিপরীতে ছিলেন শাকিব খান। এরপর ‘শুটার’, ‘রংবাজ’, ‘অহংকার’সহ আরও অনেক সিনেমায় শাকিবের বিপরীতে কাজ করেন তিনি। পরে নিজের আলাদা পরিচয় গড়তে অন্য নায়কদের সঙ্গেও অভিনয় শুরু করেন। চলতি বছর ‘দেয়ালের দেশ’ নামে একটি সিনেমার জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর সম্মাননা পান তিনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কবে ফিরবেন বুবলী

কবে ফিরবেন বুবলী

ইত্যাদি এবার জয়পুরহাটে

ইত্যাদি এবার জয়পুরহাটে

সাইবার বুলিংয়ে বিপর্যস্ত হেইলি বিবার

সাইবার বুলিংয়ে বিপর্যস্ত হেইলি বিবার

আমেরিকায় সেরা হলেন তুষি

আমেরিকায় সেরা হলেন তুষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম