সাইবার বুলিংয়ে বিপর্যস্ত হেইলি বিবার
শাহনাজ হেনা
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
তারকাখ্যাতির আলো যত উজ্জ্বল, তার আড়ালে কখনো কখনো জমে থাকে গভীর অন্ধকার। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রমাগত বিদ্বেষ, কটূক্তি আর অন্যের সঙ্গে তুলনার শিকার হয়ে একসময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মডেল ও উদ্যোক্তা হেইলি বিবার। এমনকি তার মনে আত্মহত্যার চিন্তাও এসেছিল। সম্প্রতি নিউইয়র্ক টাইমসের ‘ডিলবুক সামিটে’ নিজের জীবনের সেই কঠিন সময়ের কথা প্রকাশ করেছেন পপ তারকা জাস্টিন বিবারের স্ত্রী।
হেইলি জানান, প্রতিদিন সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে উদ্দেশ করে আত্মহত্যা করতে বলা হতো। শুধু অনলাইনেই নয়, রাস্তায় বের হলেও মানুষের বিদ্রুপ ও অপমানের মুখোমুখি হতে হতো তাকে। এমন পরিস্থিতি তার কাছে ছিল সম্পূর্ণ নতুন ও ভয়াবহ এক অভিজ্ঞতা।
নিজের সেই মানসিক অবস্থার কথা তুলে ধরে হেইলি বলেন, মানুষের আচরণ ও বিদ্বেষ এতটাই তীব্র হয়ে উঠেছিল যে, একসময় তার মনে হতো, ‘আমি যদি পৃথিবীতে না থাকতাম, তাহলে হয়তো ভালো হতো।’
হেইলির এই মানসিক বিপর্যয়ের পেছনে বড় ভূমিকা রেখেছিল সংগীতশিল্পী জাস্টিন বিবারের সাবেক প্রেমিকা সেলেনা গোমেজের সঙ্গে তাকে ঘিরে চলা অনলাইন বিতর্ক। জাস্টিন ও সেলেনার দীর্ঘ আট বছরের সম্পর্কের অবসানের কয়েক মাসের মধ্যেই ২০১৮ সালে হেইলিকে বিয়ে করেন জাস্টিন। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুই নারীকে মুখোমুখি দাঁড় করিয়ে তুলনা শুরু করেন তাদের ভক্তদের একাংশ।
এমনকি বিভিন্ন জায়গায় তাদের নিয়ে বিদ্রুপাত্মক প্রচারণাও চলেছে। হেইলি জানান, একসময় স্টারবাকসের মতো জায়গায়ও তাকে ও অন্য একজনকে মুখোমুখি দাঁড় করিয়ে টিপসের জার রাখা হয়েছিল। অর্থাৎ, বিষয়টি কেবল ভার্চুয়াল জগতে সীমাবদ্ধ ছিল না।
তবে হেইলি ও সেলেনা দুজনই একাধিকবার এই বিদ্বেষ বন্ধের আহ্বান জানিয়েছেন। ২০২২ সালে এক অনুষ্ঠানে তাদের একসঙ্গে ছবি তুলতেও দেখা যায়। ২০২৩ সালে সেলেনা স্পষ্টভাবে বলেন, কাউকেই ঘৃণা বা অনলাইন বুলিংয়ের শিকার হওয়া উচিত নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব সামলাতে এখন নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন হেইলি। প্রয়োজন হলে ফোন দূরে সরিয়ে রেখে পরিবার ও কাছের মানুষদের সঙ্গে সময় কাটান। তার মতে, প্রতিনিয়ত মানুষের সমালোচনার মুখে থাকতে থাকতে একধরনের মানসিক দৃঢ়তা তৈরি হয়। তবে এর অর্থ এই নয় যে, নেতিবাচক মন্তব্য তাকে আর আঘাত করে না।
