Logo
Logo
×
   

আন্তর্জাতিক

জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হলো হাসপাতালে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ০১:৪২ পিএম

জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হলো হাসপাতালে

ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি। ছবি: সংগৃহীত

জামিন পেয়েছেন শান্তিতে নোবেলজয়ী ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি। তবে  শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হওয়ায় ইরানের কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর বিবিসির। 

তার পরিবার পরিচালিত ফাউন্ডেশন রোববার (১০ মে)  জানায়, অসুস্থতার কারণে সাময়িকভাবে কারাগারের বাইরে থাকার অনুমতি পেয়েছেন নার্গিস।

গত সপ্তাহে নার্গিসের পরিবারের সদস্য ও সমর্থকেরা তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে আশঙ্কার কথা জানিয়েছিলেন। বলা হয়, বছরের শুরুতে কারাগারে দুবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন নার্গিস। পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে কারাগারে থাকলে সেখানেই তার মৃত্যু হতে পারে।


এক বিবৃতিতে নার্গিস মোহাম্মদি ফাউন্ডেশন জানায়, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজধানী তেহরানের পারস হাসপাতালে নার্গিসকে ভর্তি করা হয়েছে। নিজস্ব চিকিৎসকেরাই তার চিকিৎসা করছেন।

ফ্রান্সের প্যারিসে থাকা নার্গিসের স্বামী সপ্তাহান্তে এক বিবৃতিতে জানান, নার্গিসের সার্বিক পরিস্থিতি অনুকূলে নেই। তার শারীরিক অবস্থা এখনো অস্থিতিশীল।

নোবেলজয়ীর আইনজীবী চিরিনে আরদাকানি তার মক্কেল সম্পর্কে বলেন, আশঙ্কা করা হচ্ছে, কারাগারে প্রায় ২০ কেজি ওজন হারিয়েছেন নার্গিস। কথা বলতেও তার কষ্ট হয়। তাকে চেনাটা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।


নার্গিসের বয়স ৫৩ বছর। সর্বশেষ দফায় গত ১২ ডিসেম্বর থেকে তিনি কারাগারে আছেন। তখন ইরানের পূর্বাঞ্চলের মাশহাদ শহরে একটি স্মরণসভায় অংশ নিয়েছিলেন নার্গিস। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। 

এরপর গত ফেব্রুয়ারিতে কারাবন্দী নার্গিসকে সাত বছরের বেশি সময়ের কারাদণ্ড দেওয়া হয়। নার্গিসের আইনজীবী জানিয়েছেন, অপরাধ করার উদ্দেশ্যে সমবেত হওয়া এবং এতে যোগসাজশের অভিযোগে এই মানবাধিকারকর্মীকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ইরানে মানবাধিকার সুরক্ষা এবং নারী নিগ্রহের বিরুদ্ধে সদা সোচ্চার নার্গিস ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার জেতেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম