Logo
Logo
×
   

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫ হাজার, এখনো নিখোঁজ ৫০ হাজার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১১:০৮ এএম

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫ হাজার, এখনো  নিখোঁজ ৫০ হাজার

ভূমিকম্পের পর ২১ হাজার ১২০ জন বর্তমানে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন। ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় গত জুন মাসে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৪ হাজার ৯৩০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে এখনো প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করছে জাতিসংঘ।  তাদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।  খবর আল জাজিরার

বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশটির আইনপ্রণেতা হোর্হে রদ্রিগেজ সর্বশেষ মৃতের সংখ্যা ঘোষণা করেন।

ভূমিকম্পে প্রায় ১৭ হাজার মানুষ আহত হয়েছেন এবং ২১ হাজার ১২০ জন বর্তমানে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভূমিকম্পের পর থেকেই উদ্ধারকাজ চলছে। তবে স্থানীয়দের অভিযোগ, সরকারের তৎপরতা ছিল ধীরগতির।

ভূমিকম্পে বাস্তুচ্যুত সিনথিয়া পুলিদো আল জাজিরাকে বলেন, ‘ভূমিকম্পের পরপরই সাধারণ মানুষ ও স্বেচ্ছাসেবকেরা উদ্ধারকাজ শুরু করেছিলেন। কিন্তু সরকারের কার্যকর উপস্থিতি অনেক পরে দেখা গেছে। আমরা এখনও সহায়তার অপেক্ষায় আছি।’


ভূমিকম্পের পর বিভিন্ন দেশ থেকে আসা আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো ইতোমধ্যে ফিরে গেছে। এখন গুরুত্ব দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ওপর।

বাস্তুচ্যুত লুইসমারেজ পায়েজ বলেন, ‘যেটুকু সহায়তা পাই, তা দিয়ে কোনোমতে নিজের জীবন চালাই, সন্তানদের দেখাশোনা করি এবং মাকে সাহায্য করি।’

তিনি জানান, তার মা অন্য কোনো সহায়তা পাচ্ছেন না; তিনি নিজেই যতটুকু পারেন, মায়ের দেখাশোনা করছেন।

বিশেষজ্ঞদের মতে, ২০১৫ সাল থেকে যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলার জন্য দুর্যোগ মোকাবিলা আরও কঠিন হয়ে পড়েছে।

সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড পলিসি রিসার্চের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ মার্ক ওয়েইসব্রট বলেন, ভেনেজুয়েলার এমন গুরুত্বপূর্ণ আর্থিক সম্পদ রয়েছে, যেগুলো ব্যবহার করতে দেশটিকে বাধা দেওয়া হচ্ছে।


তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে প্রায় ১১ বিলিয়ন ডলার ভেনেজুয়েলার সম্পদ আটকে রাখা হয়েছে, যা আইনগতভাবে দেশটির প্রাপ্য।

এদিকে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ১৪ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা হোয়াইট হাউসকে চিঠি দিয়ে ভেনেজুয়েলার ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানিয়েছেন।

তাদের ভাষ্য, এসব নিষেধাজ্ঞা জরুরি ত্রাণ কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করছে এবং দেশটির পুনরুদ্ধার ও পুনর্গঠন প্রচেষ্টাকে দুর্বল করে দিচ্ছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে পুনর্গঠনে প্রায় ৩৭ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হতে পারে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .