Logo
Logo
×
   

আন্তর্জাতিক

উদয়নিধিকে ‘ভালগার-নিধি’ বলে আক্রমণ টিভিকে’র

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০১:১০ পিএম

উদয়নিধিকে ‘ভালগার-নিধি’ বলে আক্রমণ টিভিকে’র

দক্ষিণী অভিনেত্রী তৃষাকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা উদয়নিধি স্টালিন গ্রেফতার হওয়ার পর তার বিরুদ্ধে আক্রমণ আরও জোরদার করেছে রাজ্যের ক্ষমতাসীন দল ‘তামিলগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে)। 

মঙ্গলবার (৪ আগস্ট) টিভিকে’র নেতা আমেরিকাই নারায়ণন উদয়নিধির নামের ব্যঙ্গাত্মক রূপান্তর করে তাকে ‘উদয়নিধি’র বদলে ‘ভালগার-নিধি’ (অশ্লীল-নিধি) বলে অভিহিত করার আহ্বান জানান। 

এক সাক্ষাৎকারে টিভিকে নেতা আমেরিকাই নারায়ণন বলেন, ‘তার নাম যেন কী? ভালগার-নিধি? তাকে উদয়নিধি বলা বন্ধ করে নাম বদলে ‘ভলগার-নিধি’ রাখা উচিত।’ 

গ্রেফতারের যৌক্তিকতা তুলে ধরে তিনি আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী বিজয় বা সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য তাকে গ্রেফতার করা হয়নি। একজন নারীকে অপমান করা এবং তামিলনাড়ুর নারীসমাজকে হেয় করার জন্যই তার বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।’ 

এই ঘটনায় অন্যান্য রাজনৈতিক দলগুলোর তরফ থেকেও প্রতিক্রিয়া এসেছে। 

উদয়নিধির বক্তব্যকে ‘অনভিপ্রেত ও অনাবশ্যক’ বলে মন্তব্য করেছেন কংগ্রেস সংসদ সদস্য কার্তি চিদাম্বরম। তিনি বলেন, ‘দায়িত্বশীল শীর্ষ নেতাদের কাছ থেকে এই ধরনের মন্তব্য আশা করা যায় না। এটি সহজেই এড়িয়ে যাওয়া যেত।’ 

তামিলনাড়ু বিজেপির প্রধান মুখপাত্র নারায়ণন তিরুপতি ঘটনাটিকে ‘অশ্লীল ও লজ্জাজনক’ আখ্যা দিয়ে উদয়নিধির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 

এদিকে, গ্রেফতার হওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার মুহূর্তেও উদয়নিধিকে হাসিমুখে দেখা যায়। তিনি এই গ্রেফতারকে একটি ‘কৌতুক’ হিসেবে বর্ণনা করে জানান, তিনি বিষয়টি নিয়ে আদালতে আইনি লড়াই লড়বেন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম