Logo
Logo
×
   

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার ভূমিকম্পে নিহত বেড়ে ৪৭

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১০:৪১ পিএম

ইন্দোনেশিয়ার ভূমিকম্পে নিহত বেড়ে ৪৭

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় আঘাত হানা ৭.৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। উদ্ধারকাজ চলার সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যা আরও বাড়ছে। এই ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন এবং শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) ভোরে দেশটির ফ্লোরেস দ্বীপ এলাকায় এই তীব্র কম্পন অনুভূত হয়। মাটির মাত্র ১৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়েছে। এর পরপরই বেশ কয়েকটি মৃদু ও মাঝারি ধরনের পরাঘাত (আফটারশক) অনুভূত হয়।

কর্তৃপক্ষ জানায়, ভোরবেলা ঘুমন্ত অবস্থায় ঘরবাড়ি ভেঙে পড়ে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে মাঙ্গারাই এলাকাতেই প্রাণ হারিয়েছেন ২৪ জন। কম্পনের তীব্রতায় মৌমের বন্দরে ফেরি টার্মিনালের একাংশ ভেঙে অপেক্ষমাণ যাত্রীদের ওপর পড়ে এবং কয়েকজন সাগরে ছিটকে পড়েন।

ভূমিকম্পের পরপরই সমুদ্রে সুনামি সতর্কতা জারি করা হলে হাজার হাজার মানুষ আতঙ্কে উপকূল ছেড়ে পাহাড়ি এলাকায় আশ্রয় নেন। তবে বড় ধরনের কোনো ঢেউ না আসায় কয়েক ঘণ্টা পর সেই সতর্কতা তুলে নেওয়া হয়।

এখন পর্যন্ত দেড় শতাধিক ঘরবাড়ির পাশাপাশি বহু স্কুল, হাসপাতাল ও উপাসনালয় ভেঙে পড়েছে। নতুন করে কম্পনের ভয়ে অনেকেই এখনও ঘরে না ফিরে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। দুর্গম এলাকাগুলোতে আটকে পড়াদের উদ্ধারে কাজ চলছে এবং ক্ষতিগ্রস্তদের কাছে জরুরি ত্রাণ পাঠানো হচ্ছে।

সূত্র: বিবিসি।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম