Logo
Logo
×
   

আন্তর্জাতিক

নেপালে বন্যায় ভেসে যাওয়া নারীর স্বর্ণের দুল চুরি, গ্রেফতার ২

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০১:১৭ পিএম

নেপালে বন্যায় ভেসে যাওয়া নারীর স্বর্ণের দুল চুরি, গ্রেফতার ২

মদন গুরুং ও উমেশ চৌধুরীকে গ্রেফতার করেছে নেপাল পুলিশ। ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় ভেসে যাওয়া এক নারীর মরদেহ থেকে স্বর্ণের কানের দুল চুরির ঘটনা ঘটেছে।  এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে নেপালি পুলিশ। 

শুক্রবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

সামাজিক যোগাযোগমাধ্যম ভাইরাল একটি ভিডিওতে এই ঘটনা উঠে আসে।  ৪১ সেকেন্ডের ওই ভিডিওতে দুই ব্যক্তিকে পানির মধ্য থেকে একটি নারীর মরদেহ কাঠের তক্তা ও তার চুল ধরে টেনে তুলতে দেখা যায়। এরপর তারা নারীর দুই কানের দুল খুলে পাশে রেখে দেন। এ সময় আশপাশে বেশ কয়েকজন দাঁড়িয়ে ছিলেন এবং কেউ কেউ ভিডিও ধারণ করছিলেন।


পরে নেপাল পুলিশ ভিডিওটি পুনরায় প্রকাশ করে জানায়, মৃত নারীর কান থেকে কানের দুল চুরির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে চিতওয়ান পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্তে তারা নিশ্চিত হয়েছে যে ভিডিওটির ঘটনাটি ভয়াবহ বন্যায় নারায়ণী নদীতে ভেসে যাওয়া একটি মরদেহকে ঘিরে।

ভিডিও বিশ্লেষণ করে পুলিশ ২৫ বছর বয়সি মদন গুরুং এবং ৩৮ বছর বয়সি উমেশ চৌধুরীকে শনাক্ত করে। নেপালের সংবাদমাধ্যম খবরহাব পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে, বৃহস্পতিবার ভরতপুর মহানগরীর ১ নম্বর ওয়ার্ডের পোখারা বাস পার্কের কাছে তাদের গ্রেফতার করা হয়।  


নেপাল পুলিশ সতর্ক করে বলেছে, এই সংকটপূর্ণ সময়ে দুর্যোগে আক্রান্ত মানুষের সম্পদ লুট করা বা তাদের লক্ষ্য করে যেকোনো ধরনের অমানবিক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম