পুতিনের সঙ্গে বৈঠকে মোদি
‘অন্তহীন যুদ্ধ থেকে যুদ্ধ অবসানের দিকে যেতে হবে’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ এএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাশিয়া ও ইউক্রেনের চলমান সংঘাত শান্তিপূর্ণভাবে সমাধানের সব ধরনের উদ্যোগকে ভারত সমর্থন করে এবং ভবিষ্যতেও করবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর যৌথ বিবৃতিতে এ কথা বলেন মোদি।
তিনি বলেন, আমাদের অন্তহীন যুদ্ধ থেকে যুদ্ধের অবসানের দিকে যেতে হবে। মানবতার প্রত্যাশা হলো, এই যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ হোক।
ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে নিয়মিত আলোচনা হয় উল্লেখ করে মোদি বলেন, সর্বশেষ বৈঠকেও রুশ প্রেসিডেন্ট তাকে পরিস্থিতি বিস্তারিতভাবে জানিয়েছিলেন। তিনি বলেন, ‘সংকট সমাধানে ভারত সব ধরনের শান্তিপূর্ণ পদ্ধতিকে সমর্থন করে।’
মোদি আরও বলেন, সব সমস্যার শান্তিপূর্ণ সমাধান প্রয়োজন, কারণ এটি শুধু সংশ্লিষ্ট দেশগুলোর জন্য নয়, পুরো মানবতার স্বার্থে জরুরি।
মোদির এবারের বক্তব্য কয়েক বছর আগে দেওয়া তার বহুল আলোচিত এটি যুদ্ধের সময় নয় মন্তব্যের কথাই আবার মনে করিয়ে দিয়েছে।
২০২২ সালে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে মোদি বলেছিলেন, ‘এটি যুদ্ধের সময় নয়। এখন সময় একসঙ্গে কাজ করার এবং মানবতার জন্য হুমকি হয়ে ওঠা চ্যালেঞ্জগুলোর বিরুদ্ধে লড়াই করার।’
তিনি তখন কূটনীতি ও আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ওপর জোর দিয়েছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও পুতিন—দুজনের সঙ্গেই আলোচনায় ভারত ধারাবাহিকভাবে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তার কথা বলে আসছে।
মোদি বলেন, ভারত এই অঞ্চলে স্থায়ী শান্তির পক্ষে। তার ভাষায়, ‘প্রতিদিন যুদ্ধ চলা মানেই মানবতাকে আরও পিছিয়ে দেওয়া। তাই আমাদের সংঘাত বন্ধ করার জন্য কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ভারত হলো মহাত্মা গান্ধী ও গৌতম বুদ্ধের দেশ। দুজনেরই মূল বার্তা ছিল শান্তি।
মোদির বক্তব্য অনুযায়ী, ভারত বিশ্বাস করে যুদ্ধ নয়, বরং আলোচনা ও কূটনীতির মাধ্যমেই সমস্যার সমাধান করা উচিত।
তথ্যসূত্র: এনডিটিভি


-6a9560e849fe5.jpg)