Logo
Logo
×
   

আন্তর্জাতিক

পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ এএম

পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

রাশিয়ার সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দূতের রাশিয়া ও ইউক্রেন সফরের আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) তিনি এ প্রস্তাব দিলেন। খবর এনডিটিভির

ট্রাম্পের দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ আজ শনিবার (৫ সেপ্টেম্বর) মস্কো এবং আগামীকাল রোববার (৬ সেপ্টেম্বর) কিয়েভ সফরে যাবেন। তাদের এই সফরের মূল লক্ষ্য— রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে সম্ভাব্য একটি শান্তিচুক্তির পথ খুঁজে বের করা।

জেলেনস্কি টেলিগ্রামে এক পোস্টে দুই মার্কিন দূতের সফরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কুশনার ও উইটকফের সফর নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দলের সঙ্গে আলোচনা হয়েছে।

কিয়েভে মার্কিন দূতদের নিরাপদে পৌঁছানো নিশ্চিত করতে ইউক্রেনীয় কূটনীতিকরা প্রস্তুতি বৈঠক করেছেন বলেও জানান জেলেনস্কি। তিনি বলেন, এ সময় রাশিয়ার আকাশপথের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা হবে।


এর বিনিময়ে জেলেনস্কি রাশিয়াকে সাময়িকভাবে বিমান হামলা বন্ধ রাখার আহ্বান জানান। তিনি বলেন, মার্কিন দূতদের সফর ও আলোচনা শেষ করতে যত সময় প্রয়োজন, ততক্ষণ রাশিয়া ও ইউক্রেন—দুই পক্ষেরই বিমান হামলা থেকে বিরত থাকা উচিত।

জেলেনস্কি বলেন, ‘আমাদের পক্ষ থেকে কোনো বিমান হামলা হবে না। রাশিয়াকেও একইভাবে বিমান হামলা বন্ধ রাখতে হবে, যাতে আলোচনা এবং মার্কিন প্রতিনিধিদের সফরের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।’

তিনি আরও বলেন, ‘ইউক্রেনের লক্ষ্য রাশিয়ার সঙ্গে কোনো সমঝোতা করা নয়; বরং সাড়ে চার বছর ধরে চলা যুদ্ধ বন্ধের জন্য বাস্তবসম্মত পথ খুঁজে বের করা।’

জেলেনস্কি বলেন, ‘স্টিভ ও জ্যারেড কী প্রস্তাব নিয়ে আসেন এবং মস্কো তাদের কী বলে, সেটিই এখন দেখার বিষয়।’


এদিকে, জেলেনস্কির যুদ্ধবিরতির প্রস্তাবের দিনই রাশিয়া ইউক্রেনের গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে বিমান হামলা চালায়।হামলায় গোয়েন্দা প্রধানের কার্যালয়কে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে জানান জেলেনস্কি। 

সাম্প্রতিক দিনগুলোতে কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে দিনের বেলাতেও রাশিয়ার বিমান হামলা বেড়েছে বলে জানিয়েছে ইউক্রেন। শুক্রবার কিয়েভে হামলার আগে ওডেসা অঞ্চলেও রাতে বড় ধরনের হামলা চালানো হয়। এতে একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে।

 এ ছাড়া রাতের হামলায় ইউক্রেনের দিনিপ্রো শহরে দুই পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম