আদর্শ ডায়েট প্ল্যান
সেহরিতে ডায়াবেটিস রোগী কোন খাবার, কী পরিমাণ খাবেন
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১০:১১ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রমজান মাস রহমত এবং আত্মশুদ্ধির বার্তা নিয়ে এলেও ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি বাড়তি দায়িত্ব ও সতর্কতার সময়। চিকিৎসাবিজ্ঞানীদের মতে, সেহরি ও ইফতারে খাদ্যতালিকায় সামান্য ভুল সিদ্ধান্ত, দীর্ঘ সময় রোজা রাখার ফলে রক্তে শর্করার (ব্লাড সুগার) মাত্রায় বিপজ্জনক পরিবর্তন ঘটাতে পারে।
রমজানে সেহরি থেকে ইফতার পর্যন্ত দীর্ঘ সময় খাদ্য ও পানীয় গ্রহণ করা থেকে বিরত থাকতে হয়। ডায়াবেটিস রোগীদের জন্য এই দীর্ঘ বিরতি রক্তে শর্করার মাত্রায় দ্রুত পরিবর্তনের কারণ হতে পারে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘুমের সময়ের পরিবর্তন, ওষুধের সময়সূচি ওলটপালট হওয়া এবং ইফতারে হঠাৎ অতিরিক্ত খাবার খাওয়ার ফলে এই ঝুঁকি আরও বেড়ে যায়। তাই এই সময়টায় রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে প্রয়োজন সঠিক পরিকল্পনা, সুষম পুষ্টি এবং নিয়মিত পর্যবেক্ষণ।
সেহরির গুরুত্ব
বিশেষজ্ঞরা ডায়াবেটিস রোগীদের সেহরি বাদ না দেওয়ার জন্য কঠোর পরামর্শ দিয়েছেন। সেহরি না খাওয়া বা খুব সামান্য খাবার গ্রহণ দিনের বেলা হঠাৎ রক্তে শর্করার পরিমাণ কমিয়ে (হাইপোগ্লাইসেমিয়া) দিতে পারে, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। সেহরির খাবার এমন হওয়া উচিত যা দীর্ঘক্ষণ শরীরে শক্তি জোগাবে এবং শর্করার ভারসাম্য বজায় রাখবে।
ডায়াবেটিস রোগীদের জন্য আদর্শ সেহরি ডায়েট প্ল্যান
চিকিৎসা বিশেষজ্ঞরা সেহরির জন্য বিশেষ কিছু খাদ্যাভ্যাসের পরামর্শ দিয়েছেন—
আটার সঙ্গে বার্লি মেশানো: সেহরির রুটি তৈরির সময় গমের আটার সঙ্গে সামান্য বার্লি মিশিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এটি দীর্ঘ সময় শক্তি ধরে রাখতে এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে।
পর্যাপ্ত প্রোটিন গ্রহণ: সেহরির খাবারে অবশ্যই সঠিক পরিমাণে প্রোটিন থাকতে হবে। ডিম বা মুরগির মাংস প্রোটিনের ভালো উৎস হতে পারে, যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে।
চর্বি ও আর্দ্রতা: প্রোটিনের পাশাপাশি স্বাস্থ্যকর চর্বি জাতীয় খাবার রাখা জরুরি। এছাড়া দীর্ঘ সময় ডিহাইড্রেশন বা পানিশূন্যতা রোধ করতে সেহরিতে প্রচুর পানি পান করতে হবে।
