Logo
Logo
×
   

লাইফ স্টাইল

ঋতুস্রাবের সময় তলপেটে ব্যথা, জেনে নিন ঘরোয়া উপায়ে সমাধান

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ১২:৪০ পিএম

ঋতুস্রাবের সময় তলপেটে ব্যথা, জেনে নিন ঘরোয়া উপায়ে সমাধান

ফাইল ছবি

ঋতুস্রাবের সময় (পিরিয়ড) তলপেট, কোমর কিংবা ঊরুতে ব্যথা ও খিঁচুনি একটি সাধারণ সমস্যা, যা জরায়ুর সংকোচনজনিত কারণে হয়ে থাকে। গরম সেঁক, পর্যাপ্ত বিশ্রাম, হালকা ব্যায়াম এবং প্রচুর পানি পান করলে সাধারণত এ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। তবে পুরোপুরি ব্যথা নিরাময় হয় না, খানিকটা স্বস্তি মেলে। 

ঋতুস্রাব কারও কারও কাছে দুঃস্বপ্নের মতো। সারা মাস যারা হেসেখেলে কাটান, পিরিয়ড শুরু হলেই কাহিল হয়ে পড়েন। দৈনন্দিন কাজও যেন ঠিকমতো করতে পারেন না। ঋতুস্রাবের সময় তলপেটে ব্যথা যে কতটা কষ্টের, তা শুধু নারীই বোঝেন। কিন্তু প্রতি মাসে পিরিয়ডের জন্য অফিস-স্কুল যাওয়া বন্ধ করে দেওয়া যায় না। শারীরিক কষ্ট-অস্বস্তি নিয়েই প্রতিদিন কাজ করতে হয়। তাই অনেকেই পেইনকিলারের সাহায্য নিয়ে থাকেন। 

কিন্তু ঋতুস্রাবে পেইনকিলার খাওয়াও স্বাস্থ্যকর নয়। তাই ঘরোয়া উপায়ে যেভাবে ঋতুস্রাবের যন্ত্রণা ও কষ্ট লাঘব করবেন, তার কয়েকটি উপায় জেনে নেওয়া উচিত।

মানসিক চাপ

ঋতুস্রাবের সময়ে নারী দেহে হরমোনের ভারসাম্যও বিঘ্নিত হয়ে থাকে। তার ওপর যদি অত্যধিক মানসিক চাপের মধ্যে থাকেন, তখন আরও জটিলতা বেড়ে যায়। তাই এ সময় স্ট্রেস মুক্ত থাকার চেষ্টা করুন। এর পাশাপাশি ৮-৯ ঘণ্টা ঘুম বা পর্যাপ্ত বিশ্রামেও থাকা উচিত।

শরীরচর্চায় মিলবে উপকার

পিরিয়ড শুরু হলে কিছু নারী সব কাজ ছেড়ে বিশ্রাম নেওয়ার চেষ্টা করে থাকেন। অনেকের ধারণা— এ সময়ে শরীরচর্চা করলে বা কায়িক পরিশ্রম করলে বেশি রক্তপাত হবে। সেই ধারণা ভুল। বরং এ সময়ে পর্যাপ্ত বিশ্রামের পাশাপাশি হালকা শরীরচর্চা করা প্রয়োজন। কারণ এ সময়ে শরীর যত বেশি সচল থাকবে, ব্যথা ও যন্ত্রণা তত কম হবে।

খাবারে নজর দিন

ঋতুস্রাবে পেইনকিলার খাওয়ার বদলে সঠিক খাবার বেছে নেওয়া উচিত। এ সময়ে শরীরে প্রদাহ বাড়তে থাকে। তাই যেসব খাবারে লবণ, চিনি ও স্বাস্থ্যকর ফ্যাটের পরিমাণ বেশি থাকে, সেগুলো এড়িয়ে চলা উচিত। এমন খাবার খাবেন না, যে থেকে বদহজম ও পেটফাঁপার সমস্যা দেখা দেয়। তার বদলে আদা দিয়ে চা, ক্যামোমাইল টি, বাদাম, তাজা ফল, সবজি, দানাশস্য ইত্যাদি খেতে পারেন। 

হিট থেরাপি

ঋতুস্রাবের সময় তলপেটে গরম সেঁক দিতে পারেন। গরম সেঁক দিয়ে জরায়ুর পেশিতে রক্ত সঞ্চালন সচল থাকে। এতে পেশির সংকোচন কমে যায় এবং যন্ত্রণা থেকে মুক্তি মেলে। তলপেটে যন্ত্রণা হলে এ টোটকা সবচেয়ে ভালো কাজ দেয়। হট ওয়াটার ব্যাগ বা হিটিং প্যাড ১৫-২০ মিনিট তলপেটে চেপে ধরুন। এ ছাড়া সামান্য গরম পানি দিয়ে  গোসল করতে পারেন। 

তেল মালিশ

ঋতুস্রাবে পেটব্যথায় তেল মালিশ করতে পারেন। বেশ কিছু এসেনশিয়াল অয়েল রয়েছে, যা ব্যথা প্রশমিত করতে সাহায্য করে থাকে। তা ছাড়া তেল মালিশ করলে ওই অংশে রক্ত চলাচল সচল থাকে এবং ব্যথা-যন্ত্রণা থেকে আরাম মেলে। তলপেটের পাশাপাশি কোমর ও পায়েও তেল মালিশ করতে পারেন। এ ক্ষেত্রে ল্যাভেন্ডার বা লবঙ্গের মতো এসেনশিয়াল অয়েল বেছে নিতে পারেন। এসেনশিয়াল অয়েলের সঙ্গে নারিকেল তেল মিশিয়ে মাখতে পারেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম