Logo
Logo
×
   

লাইফ স্টাইল

নখের যে ৫ পরিবর্তন হতে পারে ‘গুরুতর রোগের’ সতর্কবার্তা

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১১:১৪ এএম

নখের যে ৫ পরিবর্তন হতে পারে ‘গুরুতর রোগের’ সতর্কবার্তা

ফাইল ছবি

হাতের নখের অস্বাভাবিক পরিবর্তন অনেক সময় শরীরের গুরুতর রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে, নখের রঙ, আকৃতি বা গঠনে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে তা অবহেলা করা উচিত নয়। 

যুক্তরাষ্ট্রের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. অ্যানেট চেরনিক এবং ত্বক বিশেষজ্ঞ ডা. শামসা কানওয়ালের মতে, নখ মানুষের সামগ্রিক স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ সূচক হিসেবে কাজ করতে পারে। তারা এমন পাঁচ ধরনের পরিবর্তনের কথা উল্লেখ করেছেন, যেগুলো দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

বিশেষজ্ঞদের মতে, আঙুলের ডগা ফুলে গিয়ে নখ নিচের দিকে বাঁকতে শুরু করলে তাকে ‘ক্লাবিং’ বলা হয়। এটি রক্তে দীর্ঘদিন অক্সিজেনের ঘাটতির লক্ষণ হতে পারে এবং ফুসফুসের জটিল রোগ বা হৃদযন্ত্রের অভ্যন্তরীণ সংক্রমণের সঙ্গে সম্পর্কিত হতে পারে।

নখ পাতলা হয়ে চামচের মতো ভেতরের দিকে বাঁকলে তা আয়রনের তীব্র ঘাটতি বা রক্তস্বল্পতার ইঙ্গিত দিতে পারে। আয়রনের অভাবে নখের নিচের টিস্যু দুর্বল হয়ে পড়ে, ফলে নখের স্বাভাবিক আকৃতি নষ্ট হয়ে যায়।

আঘাতের কোনো ইতিহাস ছাড়া নখের নিচে হঠাৎ কালো বা গাঢ় বাদামি রঙের লম্বা দাগ দেখা দিলে তা অবহেলা না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এটি ‘সাবআনগুয়াল মেলানোমা’ নামে বিরল কিন্তু আক্রমণাত্মক ধরনের ত্বকের ক্যানসারের লক্ষণ হতে পারে, যা দ্রুত শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়তে পারে।

বারবার নখ ভেঙে যাওয়া, খসে পড়া বা ফেটে যাওয়া অনেক সময় অতিরিক্ত হাত ধোয়া বা রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসার কারণে হলেও, এটি থাইরয়েডের সমস্যারও ইঙ্গিত হতে পারে। থাইরয়েডের সমস্যায় শরীরে কেরাটিন উৎপাদন ব্যাহত হয়, যা সুস্থ নখ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ছাড়া জিঙ্ক, বায়োটিন ও ভিটামিন বি-১২–এর ঘাটতিও নখ দুর্বল করে দিতে পারে।

নখের রঙের পরিবর্তনও বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সংকেত হতে পারে। নখের চারপাশে লালচে ভাব বা ফোলা ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের লক্ষণ হতে পারে। নীলচে নখ রক্তে অক্সিজেনের স্বল্পতার ইঙ্গিত দেয়, আর হলুদ নখ কখনো কখনো লিভারের রোগ বা দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের সমস্যার সঙ্গে সম্পর্কিত হতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজন অনুযায়ী রক্ত ও কোলেস্টেরল পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন। পাশাপাশি নখে দীর্ঘস্থায়ী বা অস্বাভাবিক কোনো পরিবর্তন দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছেন।

সূত্র: সামা টিভি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .