|
ফলো করুন |
|
|---|---|
প্রথম দেখায় প্রেম—শুনতে সিনেমার গল্পের মতো হলেও বাস্তবে এমন অনুভূতি তৈরি হওয়া অস্বাভাবিক নয়। কাউকে প্রথম দেখার কয়েক সেকেন্ডের মধ্যেই তার প্রতি তীব্র আকর্ষণ জন্মাতে পারে। কখনো সেই আকর্ষণ দীর্ঘস্থায়ী সম্পর্কের পথও তৈরি করে। তবে এর পেছনে শুধু আবেগ নয়, মস্তিষ্ক ও শরীরের নানা জৈবিক ও মানসিক প্রক্রিয়াও কাজ করে।
গবেষকদের মতে, প্রেমের একেবারে শুরুর পর্যায়ে মস্তিষ্কে দ্রুত কিছু পরিবর্তন ঘটে। কারও প্রতি হঠাৎ আকর্ষণ তৈরি হলে আনন্দ ও পুরস্কারের সঙ্গে সম্পর্কিত মস্তিষ্কের অংশ সক্রিয় হয়। ডোপামিন ও অ্যাড্রেনালিনের মতো রাসায়নিক এই অনুভূতির সঙ্গে যুক্ত। ফলে ভালো লাগা, উত্তেজনা এবং ওই মানুষটিকে আরও দেখতে চাওয়ার প্রবণতা তৈরি হতে পারে।
শরীরে অদ্ভুত অনুভূতি কেন তৈরি হয়?
হঠাৎ কারও প্রতি আকর্ষণ তৈরি হলে শরীরের সিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়ে উঠতে পারে। এর ফলে হৃদস্পন্দন বেড়ে যাওয়া, ঘাম হওয়া, দ্রুত শ্বাস নেওয়া বা মুখ লাল হয়ে যাওয়ার মতো প্রতিক্রিয়া দেখা দিতে পারে। অ্যাড্রেনালিন এই শারীরিক উত্তেজনার অন্যতম কারণ।
অন্যদিকে, ডোপামিন আনন্দ ও পুরস্কারের অনুভূতির সঙ্গে সম্পর্কিত। একই সঙ্গে এটি কোনো বিশেষ অভিজ্ঞতাকে মনে গেঁথে রাখতেও ভূমিকা রাখে। তাই প্রথম দেখার মুহূর্তটি অনেকের কাছে দীর্ঘদিন বিশেষ হয়ে থাকতে পারে।
কয়েক সেকেন্ডেই কীভাবে ভালো লাগা তৈরি হয়?
মানুষ খুব অল্প সময়ের মধ্যেই অন্য একজন সম্পর্কে একটি প্রাথমিক ধারণা তৈরি করতে পারে। মুখের অভিব্যক্তি, হাসি, চোখের দৃষ্টি, পোশাক, হাঁটার ধরন এবং শরীরের অঙ্গভঙ্গির মতো নানা সংকেত মস্তিষ্ক দ্রুত বিশ্লেষণ করে।
তবে কয়েক সেকেন্ডে কারও সম্পূর্ণ ব্যক্তিত্ব বোঝা সম্ভব নয়। এটি মূলত একটি তাৎক্ষণিক ধারণা, যা পরবর্তী সময়ে বদলে যেতে পারে। চেহারা ও আচরণ থেকে পাওয়া সংকেত আমাদের আকর্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সেটিই একমাত্র কারণ নয়।
শুধু চেহারার কারণেই কি আকর্ষণ?
সবসময় নয়। কখনো দুজন অপরিচিত মানুষের মধ্যে কোনো একটি বিষয়ে একই ধরনের প্রতিক্রিয়াও আকর্ষণের সূচনা করতে পারে। যেমন, একই ঘটনায় একসঙ্গে হাসা, একই গান পছন্দ করা কিংবা চোখে চোখ পড়ার মুহূর্তে একই অনুভূতি প্রকাশ করা।
মনোবিজ্ঞানে এমন অভিজ্ঞতাকে ‘আই-শেয়ারিং’ বা একই অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার অনুভূতির সঙ্গে যুক্ত করা হয়। এতে মনে হতে পারে, অন্য মানুষটি বিষয়টিকে আমার মতো করেই দেখছেন। এই সামান্য মিলও অপরিচিত দুজনের মধ্যে সাময়িক ঘনিষ্ঠতা, বোঝাপড়া ও আস্থার অনুভূতি তৈরি করতে পারে।
ফলে প্রেমের শুরু সবসময় বড় কোনো ঘটনা দিয়ে হয় না। কখনো একটি হাসি, চোখে চোখ পড়া কিংবা একই বিষয়ে একই সময়ে আনন্দ পাওয়ার মতো ছোট্ট মুহূর্তও মনে গভীর ছাপ ফেলতে পারে।
প্রথম দেখার প্রেম কি শেষ পর্যন্ত টেকে?
প্রথম দেখায় তীব্র আকর্ষণ তৈরি হওয়া মানেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে—এমন নিশ্চয়তা নেই। প্রথম মুহূর্তের ভালো লাগা অনেকটাই বাহ্যিক সংকেত ও তাৎক্ষণিক মানসিক প্রতিক্রিয়ার ওপর নির্ভর করে।
অন্যদিকে, একটি সম্পর্ক দীর্ঘদিন টিকিয়ে রাখতে প্রয়োজন পারস্পরিক বোঝাপড়া, বিশ্বাস, সম্মান, মূল্যবোধের সামঞ্জস্য এবং আচরণগত মিল। সময়ের সঙ্গে একজন আরেকজনকে যত ভালোভাবে চিনবেন, ততই বোঝা যাবে প্রথম আকর্ষণটি কতটা গভীর ও স্থায়ী।
অর্থাৎ, প্রথম দেখার প্রেম হতে পারে সম্পর্কের প্রথম স্পার্ক। কিন্তু সেই স্পার্ককে দীর্ঘস্থায়ী ভালোবাসায় রূপ দিতে প্রয়োজন সময়, যত্ন, বিশ্বাস ও পারস্পরিক বোঝাপড়া। কয়েক সেকেন্ডে আকর্ষণ তৈরি হতে পারে, কিন্তু সত্যিকারের ভালোবাসা সাধারণত তৈরি হয় একে অপরকে জানার দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে।

