কফি খাওয়ার পর হৃদস্পন্দন বেড়ে যায়? এই ৬ লক্ষণ অবহেলা করবেন না
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১১:০৪ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সকালের এক কাপ গরম কফি অনেকের দিনের অপরিহার্য অংশ। ঘুমঘুম ভাব কাটিয়ে সতেজ হতে এবং কাজে মনোযোগ বাড়াতে কফির ওপর নির্ভর করেন অনেকে। তবে কফি পান করার পর যদি হঠাৎ হৃদস্পন্দন বেড়ে যায়, বুক ধড়ফড় করে বা হৃদস্পন্দন অনিয়মিত মনে হয়, বিষয়টি সবসময় হালকাভাবে নেওয়া উচিত নয়।
কফি খেলে হৃদস্পন্দন কেন বাড়ে?
হৃদরোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন, ক্যাফেইন স্নায়ুতন্ত্রকে সক্রিয় করে শরীরে সাময়িক কিছু পরিবর্তন ঘটায়। ক্যাফেইন একটি প্রাকৃতিক উদ্দীপক, যা অ্যাড্রেনালিন হরমোনের নিঃসরণ বাড়ায়। এই হরমোন শরীরের ‘ফাইট অর ফ্লাইট’ প্রতিক্রিয়া সক্রিয় করে। ফলে সাময়িকভাবে রক্তচাপ, হৃদস্পন্দন ও সতর্কতা বেড়ে যেতে পারে।
সুস্থ অনেক মানুষের ক্ষেত্রেই এমনটা হতে পারে এবং পরিমিত ক্যাফেইন সাধারণত গুরুতর হৃদ্যন্ত্রের পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করে না। তবে অতিরিক্ত কফি পান বা ক্যাফেইনের প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা থাকলে সমস্যা দেখা দিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত ক্যাফেইন গ্রহণের পর বুক ধড়ফড়, বুকে ব্যথা, মাথা ঘোরা বা শ্বাসকষ্ট হলে সতর্ক হওয়া প্রয়োজন। খালি পেটে শক্তিশালী কফি পান করলে ক্যাফেইন দ্রুত শোষিত হওয়ায় এসব উপসর্গ আরও বাড়তে পারে।
শুধু কফিই দায়ী নয়
সকালের বুক ধড়ফড়ের জন্য শুধু কফিকে দায়ী করা ঠিক নয়। এনার্জি ড্রিংক, ধূমপান, প্রি-ওয়ার্কআউট সাপ্লিমেন্ট, পানিশূন্যতা এবং মানসিক চাপও হৃদস্পন্দন বাড়িয়ে দিতে পারে।
যে ৬ লক্ষণ অবহেলা করবেন না
হৃদস্পন্দন দ্রুত হওয়া অনেক সময় ক্ষতিকর নয়। তবে এটি ঘন ঘন হলে বা স্বাভাবিকের চেয়ে দীর্ঘ সময় স্থায়ী হলে হৃদ্যন্ত্রের ছন্দের সমস্যা বা অ্যারিদমিয়ার লক্ষণ হতে পারে। বিশেষজ্ঞের মতে, নিচের ছয়টি লক্ষণ দেখা দিলে সতর্ক হওয়া উচিত—
১. বুকে ব্যথা বা চাপ অনুভূত হওয়া
২. শ্বাসকষ্ট হওয়া
৩. মাথা ঘোরা বা ঝিমঝিম করা
৪. অজ্ঞান হয়ে যাওয়া বা অজ্ঞান হওয়ার মতো অনুভূতি
৫. শারীরিক পরিশ্রম ছাড়াই অতিরিক্ত ঘাম হওয়া
৬. বিশ্রামেও হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে দ্রুত থাকা
পরিবারে আকস্মিক হৃদ্যন্ত্রের মৃত্যু বা বংশগত হৃদ্ছন্দের সমস্যার ইতিহাস থাকলে ঝুঁকি তুলনামূলক বেশি হতে পারে। এসব উপসর্গ সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, অ্যাট্রিয়াল ফিব্রিলেশনসহ বিভিন্ন হৃদ্ছন্দের সমস্যার প্রাথমিক লক্ষণও হতে পারে।
বিশেষজ্ঞের পরামর্শ, অতিরিক্ত ক্যাফেইনকে কারণ হিসেবে শনাক্ত করা গেলে কফির পরিমাণ কমানো, খালি পেটে কফি না খাওয়া, পর্যাপ্ত পানি পান এবং পর্যাপ্ত ঘুম উপসর্গ কমাতে সহায়তা করতে পারে।
তবে বারবার বুক ধড়ফড় হলে শুধু ক্যাফেইনের প্রভাব ভেবে বিষয়টি এড়িয়ে যাওয়া উচিত নয়। কয়েক মিনিট ধরে উপসর্গ স্থায়ী হলে কিংবা এর সঙ্গে বুকে অস্বস্তি, মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার মতো লক্ষণ দেখা দিলে হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
