Logo
Logo
×
   

লাইফ স্টাইল

দৈনিক গোসলের পক্ষে মত নেই বিশেষজ্ঞদের, জানুন কারণ

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১১:২২ এএম

দৈনিক গোসলের পক্ষে মত নেই বিশেষজ্ঞদের, জানুন কারণ

প্রতিদিন গোসল করা আধুনিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞ ও গবেষকদের মতে, প্রতিদিন গোসল করার এ চর্চা কোনো শারীরিক নিরাপত্তার জন্য নয়, বরং এটি একটি ‘সামাজিক চুক্তি’ বা অভ্যাসে পরিণত হয়েছে। 

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অর্ধেকেরও বেশি মানুষ প্রতিদিন গোসল করলেও অধিকাংশ চিকিৎসকের মতে, প্রতিদিন গোসল করার কোনো বাড়তি স্বাস্থ্যগত সুবিধা নেই। বরং অতিরিক্ত সাবান ও পানি ব্যবহারে ত্বক শুষ্ক হতে পারে এবং ত্বকের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থার (মাইক্রোবাইওম) ক্ষতি হতে পারে। তবে জীবাণু ছড়ানো প্রতিরোধে নিয়মিত হাত ধোয়া এখনো অপরিহার্য।

সামাজিক মাধ্যম ও তারকাদের কথোপকথনেও কম গোসলের বিষয়টি চর্চায় উঠে এসেছে। অভিনেতা অ্যাশটন কুচার, জোনাথন রস ও আমেরিকা ফেরেরার মতো তারকারা খোলাখুলিভাবে নিয়মিত গোসল না করার কথা স্বীকার করেছেন। পরিবেশবিদ ডোনাচাধ ম্যাককার্থি গত কয়েক বছর ধরে মাসে মাত্র একবার গোসল করেন এবং বাকি দিনগুলোতে কাপড়ে পানি দিয়ে শরীর পরিষ্কার (সিঙ্ক ওয়াশ) করেন। 

চিকিৎসক জেমস হ্যাম্বলিনের মতে, কম গোসল করাকে যারা উপহাস করে, তারা মূলত মানুষের ত্বকের প্রাকৃতিক অণুজীব বা ‘স্কিন মাইক্রোবাইওম’ সংক্রান্ত বিজ্ঞানের বিষয়ে অজ্ঞ। 

সমাজবিজ্ঞানীদের মতে, প্রতিদিন গোসল করার এ সংস্কৃতি বিগত ১০০ বছরে তৈরি হয়েছে। ১৯৫০-এর দশকে ঘরে ঘরে রানিং ওয়াটার ও শাওয়ার হেড চালুর পর ব্যক্তিগত বাথরুমে সুপরিসর শাওয়ারের সহজলভ্যতা মানুষকে দৈনন্দিন গোসলে উদ্বুদ্ধ করে। এ ছাড়া গত শতকের বিজ্ঞাপন শিল্প গোসলকে কেবল শরীর পরিষ্কারের মাধ্যম নয়, বরং ক্লান্তি দূরীকরণ, মানসিক পরিবর্তন ও নতুন উদ্দীপনার একটি মাধ্যম হিসেবে উপস্থাপন করেছে। ফলে এটি শারীরিক চাহিদার চেয়ে সামাজিক রীতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

কম গোসল করার বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ 

প্রয়োজন অনুযায়ী পরিষ্কার হওয়া: কেবল অভ্যাসের বশে গোসল না করে শারীরিক প্রয়োজন বা ব্যায়ামের পর গোসল করা।

নির্দিষ্ট স্থানে মনোযোগ দেওয়া: পুরো শরীর ভেজানোর বদলে কেবল দুর্গন্ধপ্রবণ স্থানগুলো নিয়মিত পরিষ্কার রাখা।

মানসিক পরিবর্তনের বিকল্প খোজা: দিনের কাজের সমাপ্তি বা মানসিক প্রশান্তির জন্য গোসলের ওপর নির্ভর না করে অন্য কোনো অভ্যাস তৈরি করা। 

নিয়মিত হাত ধোয়ার অভ্যাস বজায় রাখা: গোসল কমালেও শারীরিক সুস্থতায় নিয়মিত হাত ধোয়ার চর্চা অব্যাহত রাখা। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .