সাক্ষাৎকারের যে প্রশ্নগুলোর উত্তর রাখবেন ঠোঁটের আগায়
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
শিক্ষা জীবনের দীর্ঘ পথ পরিক্রমা শেষে কিংবা ক্যারিয়ারের নতুন বাঁকে এসে প্রতিটি চাকরিপ্রার্থীর জন্যই সবচেয়ে রোমাঞ্চকর এবং মানসিকভাবেও চাপের সময় বলা যায় চাকরির সাক্ষাৎকার বা ইন্টারভিউকে। যোগ্যতার সনদ টেবিলে থাকলেও ইন্টারভিউ বোর্ডের মুখোমুখি হয়ে অনেকেই ভীত হয়ে পড়েন। নিয়োগ বিশেষজ্ঞদের মতে, ভাইভা বোর্ডে সফল হওয়ার মূল চাবিকাঠি হলো পূর্বপ্রস্তুতি। কিছু অবধারিত ও সাধারণ প্রশ্ন রয়েছে, যা প্রায় প্রতিটি সাক্ষাৎকারেই করা হয়। এসব প্রশ্নের উত্তর আগে থেকে গুছিয়ে রাখলে তা প্রার্থীকে আত্মবিশ্বাসী করে তোলে এবং প্রতিযোগিতায় অন্যদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে দেয়।
নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর মনস্তত্ত্ব এবং সাম্প্রতিক করপোরেট ট্রেন্ড বিশ্লেষণ করে দেখা গেছে, মূলত প্রার্থীর তাৎক্ষণিক বুদ্ধি, কাজের প্রতি আগ্রহ এবং পেশাদারিত্ব যাচাইয়ের জন্য নির্দিষ্ট কিছু প্রশ্ন করা হয়। সাক্ষাতকারের ধাপটি পার হতে কিছু প্রশ্নের উত্তর আপনার ঠোঁটের আগায় রাখা জরুরি—
নিজের সম্পর্কে বিচক্ষণ ব্যখ্যা: এখানে নিজের শৈশব বা পারিবারিক ইতিহাস টেনে দীর্ঘ করার কোনো প্রয়োজন নেই। দুই মিনিটের মধ্যে আপনার সাম্প্রতিক শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং এই পদের জন্য আপনার বিশেষ দক্ষতাগুলো গুছিয়ে বলুন।
কেন আপনি এই চাকরিতে যোগ দিতে চান: এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সম্পর্কে ভালো করে পড়াশোনা করে নিন। তাদের সাম্প্রতিক সাফল্য, লক্ষ্য এবং কাজের পরিবেশের কোন দিকটি আপনাকে আকর্ষণ করেছে, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করুন। প্রতিষ্ঠানটি সম্পর্কে আপনার আগ্রহ তাদের ইতিবাচক বার্তা দেবে।
আপনার বড় শক্তি বা গুণ কী: এখানে নিজের ঢোল নিজে না পিটিয়ে যৌক্তিকভাবে কথা বলুন। যেমন—আপনি যদি বলেন আমি চাপ সামলে কাজ করতে পারি, তবে অতীতে এমন কোনো সংকটের সমাধান কীভাবে করেছিলেন, তার একটি বাস্তব ও সংক্ষিপ্ত উদাহরণ দিন।
আপনার বড় দুর্বলতা কী: এটি একটি ফাঁদ প্রশ্ন। উত্তর দেওয়ার সময় এমন কোনো দুর্বলতা বলবেন না যা সরাসরি কাজের ক্ষতি করে। বরং এমন একটি দুর্বলতার কথা বলুন, যা দূর করতে আপনি ইতিমধ্যে চেষ্টা করছেন। যেমন: আগে আমি একসঙ্গে অনেক কাজ করতে গিয়ে হিমশিম খেতাম, তবে এখন টাইম-ম্যানেজমেন্ট অ্যাপ ব্যবহার করে নিজেকে গুছিয়ে নিয়েছি।
কেন আমরা আপনাকে নিয়োগ দেব: এই প্রশ্নের উত্তরে বিজ্ঞাপনে চাওয়া পদের দায়িত্বগুলোর সঙ্গে আপনার দক্ষতার একটি চমৎকার সেতু তৈরি করুন। আপনি কীভাবে তাদের প্রতিষ্ঠানের সমস্যার সমাধান করতে পারবেন বা প্রবৃদ্ধি বাড়াতে পারবেন, তা আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করুন।
ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান: নিয়োগকর্তারা জানতে চান আপনার কোনো দীর্ঘমেয়াদি লক্ষ্য আছে কিনা, নাকি আপনি কেবল সাময়িক চাকরির খোঁজ করছেন। আগামী ৩ থেকে ৫ বছরে ওই নির্দিষ্ট খাতে আপনার পেশাদার উন্নয়নের স্বপ্ন এবং সেই সাথে প্রতিষ্ঠানের অগ্রগতিতে আপনার ভূমিকার কথা বলুন।
একটি চমৎকার সাক্ষাৎকার কেবল মুখস্থ উত্তরের ওপর নির্ভর করে না বরং তা হলো আপনার ব্যক্তিত্ব, বাচনভঙ্গি এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ। নিখুঁত প্রস্তুতি আপনাকে ইন্টারভিউ বোর্ডের স্নায়ুচাপ থেকে মুক্ত রাখবে এবং কাঙ্ক্ষিত চাকরিটি লুফে নিতে সাহায্য করবে। তাই ভাইভা বোর্ডে যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে অন্তত কয়েকবার এই উত্তরগুলো অনুশীলন করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

