হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তার দাবিতে সমাবেশ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৯:২৮ পিএম
জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশ। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় মুক্তি কাউন্সিলের উদ্যোগে সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া হাওড়ঞ্চলে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মে) বিকাল ৫টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়কারী ফয়জুল হাকিমের সভাপতিত্বে ও ঢাকা অঞ্চলের সমন্বয়ক মিতু সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ লেখক শিবিরের কেন্দ্রীয় সভাপতি কাজী ইকবাল, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৌরভ রায়, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের শামসুল আলম শায়েস্তা ও জাতীয় মুক্তি কাউন্সিল ফতুল্লা অঞ্চলের সংগঠক শ্যামকুল।
ফয়জুল হাকিম বলেন, হাওড়ঞ্চলে অতিবৃষ্টিতে ও সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা ও মৌলভীবাজার অঞ্চলে পঞ্চাশ হাজার একরের বেশি জমির পাকা বোরো ধান পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কৃষক আহাদ মিয়া জমির ধান নষ্ট হয়ে যাওয়ার শোকে মস্তিষ্কের রক্তক্ষরণ হয়ে মারা গেছেন। সারা বছরের আয় হারিয়ে এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা দিশেহারা।
৬ মাসের খাদ্য সহায়তা, কৃষি ঋণ মওকুফ, নগদ অর্থ সহায়তা, বিনামূল্যে পশু খাদ্য সরবরাহসহ হাওড়ঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পরিকল্পনা গ্রহণে সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, সবার আগে দেশের শ্রমিক-কৃষক-মেহনতি জনগণের কথা ভাবতে হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত পারস্পরিক বাণিজ্য চুক্তি বাতিল করার দাবি জানিয়ে ফয়জুল হাকিম বলেন, যে চুক্তির প্রতি জনগণের সমর্থন নেই, সেই চুক্তি করা চলবে না। বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশে চলতে দেওয়া হবে না।
সমাবেশে নেতৃবৃন্দ ১৮ দফা কর্মসূচির ভিত্তিতে সর্বত্র শ্রমিক-কৃষক-মেহনতী মানুষের মুক্তি কাউন্সিল গঠনের আহ্বান জানান।

