ভেরিফিকেশনে বাদ পড়া রাবির সেই জাহিদ পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
Advertisement
রাবি প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও পুলিশ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভেরিফিকেশনে বাদ পড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. জাহিদ হাসান শেষ পর্যন্ত চাকরি পেয়েছেন। নতুন করে প্রকাশিত নিয়োগের তালিকায় তার নাম এসেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) পিরোজপুর যাওয়ার পথে ওয়েবসাইটে নিজের নিয়োগের বিষয়টি দেখতে পান জাহিদ। এতে তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। এর আগে নিয়োগ থেকে বাদ পড়ার পর তার মা-বাবাসহ পরিবারের সদস্যরা ভেঙে পড়েছিলেন।
জাহিদ হাসান বলেন, পিরোজপুর যাওয়ার পথে ওয়েবসাইট চেক করে যখন দেখলাম আমার নিয়োগ হয়েছে, তখন খুব ভালো লেগেছিল। আমি আসলে খুবই খুশি হয়েছি। আমার পরিবারের সবাই অনেক খুশি হয়েছেন। বিশেষ করে মা ও বাবা খুব আনন্দিত হয়েছেন। বাদ পড়ার পর আমার মা কষ্টে কান্না করেছিলেন। আর নিয়োগ পাওয়ার পর তিনি আনন্দে কান্না করছেন।
তিনি বলেন, যখন বাদ পড়েছিলাম, তখন এলাকার সবাই বলেছিলেন, তোর মতো ছেলে কিভাবে বাদ পড়ে? এখন নিয়োগ পাওয়ায় এলাকাবাসীও অনেক খুশি।
নিয়োগ ফিরে পাওয়ার পেছনে সংবাদমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে জাহিদ বলেন, আমার বিপদের সময় সংবাদমাধ্যম যে এত বড় ভূমিকা রেখেছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। কয়েকটি গণমাধ্যমে বিষয়টি উঠে আসে। গণমাধ্যমে এ খবরগুলো প্রকাশিত না হলে হয়তো আমি নিয়োগটি পেতাম না। এজন্য সংবাদমাধ্যমগুলোর প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ।
গত ২৬ সেপ্টেম্বর দৈনিক যুগান্তরে ‘ভেরিফিকেশনে বাদ বিশেষ চাহিদাসম্পন্ন রাবি শিক্ষার্থী জাহিদ, ভেঙে পড়েছেন মা-বাবা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল।
এর আগে, গত ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশের ফল প্রকাশ করা হয়। সেখানে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ৮৩ জনের মধ্যে মেধাক্রমে ৫৪তম ছিলেন জাহিদ। তিনি বিশেষ চাহিদাসম্পন্ন কোটায়ও আবেদন করেছিলেন। চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর নিয়োগপত্র পাওয়ার অপেক্ষায় ছিলেন তিনি।
তবে পুলিশ ও এনএসআইয়ের ভেরিফিকেশন শেষে প্রকাশিত নিয়োগের তালিকায় তার নাম না থাকায় তিনি বাদ পড়েন। নিজের বা পরিবারের কারও বিরুদ্ধে মামলা কিংবা রাজনৈতিক পদ-পদবি না থাকার কথা জানিয়ে ভেরিফিকেশনে বাদ পড়ার কারণ জানতে চেয়েছিলেন তিনি।
জাহিদের বাদ পড়ার বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। তার পরিবারের হতাশা ও মায়ের কান্নার বিষয়টিও উঠে আসে বিভিন্ন প্রতিবেদনে। পরে নতুন করে প্রকাশিত নিয়োগের তালিকায় তার নাম যুক্ত হওয়ায় সেই অপেক্ষার অবসান হলো।
জাহিদ হাসান পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের বাসিন্দা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি।
