Logo
Logo
×
   

রাজনীতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হেফাজতের অভিনন্দন

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৮:২৫ পিএম

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হেফাজতের অভিনন্দন

ফাইল ছবি

বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় হেফাজতের কেন্দ্রীয় আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান যৌথ বিবৃতিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী ফ্যাসিবাদী জালেম অপশক্তির মোকাবিলায় অভিভাবক হয়ে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন। 

তারা বিবৃতিতে বলেন, রাষ্ট্রপতি হিসেবে তিনি মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস, ন্যায়বিচার, ইনসাফ ও জনকল্যাণের নীতিকে সমুন্নত রেখে তার সাংবিধানিক দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতি, ইসলামী মূল্যবোধ এবং আলেম-ওলামার মর্যাদা ও অধিকার রক্ষায় তিনি ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা রাখবেন। ইসলাম ও দেশের আলেম-ওলামার সঙ্গে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সম্পর্ক আরও সৌহার্দ্যপূর্ণ ও সুন্দর হবে এবং ধর্মীয় বিষয়ে তাদের মতামত ও পরামর্শ যথাযথ গুরুত্ব পাবে বলে আমরা আশা করি। 

সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী স্বাক্ষরিত ওই বিবৃতিতে তারা আরও বলেন- আমরা বিশ্বাস করি, রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্ব পালনের মাধ্যমে দেশে ন্যায়, শান্তি, পারস্পরিক শ্রদ্ধা, ধর্মীয় সম্প্রীতি ও জনকল্যাণের পরিবেশ আরও সুদৃঢ় হবে। রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা, বিদেশি আগ্রাসন মোকাবিলায় সাহসী ভূমিকা পালন করবেন। 

এছাড়া রাজনৈতিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন তৈরি করতে উদ্যোগী হবেন। আওয়ামী ফ্যাসিবাদী জালেম অপশক্তির মোকাবিলায় অভিভাবক হয়ে কাজ করবেন। 

হেফাজতের ওই দুই শীর্ষ নেতা আশাবাদ ব্যক্ত করে বলেন- আমরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি এবং মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দেশ ও জনগণের কল্যাণে রাষ্ট্রপতি হিসেবে যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারেন।                    

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .