Logo
Logo
×
   

খেলা

পিএসএলের ফাইনালে খেলবেন নাহিদ রানা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পিএম

পিএসএলের ফাইনালে খেলবেন নাহিদ রানা

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে মাঝপথে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে আসতে হয়েছিল নাহিদ রানাকে। পরে টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হলেও শুরুতে পিএসএলে ফেরার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পাননি তিনি।

তবে পেশোয়ার জালমি ফাইনালে ওঠায় গুরুত্বপূর্ণ এই ম্যাচে অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন এই পেসার। পেশোয়ার জালমির বিশেষ অনুরোধের পরই নাহিদকে ফাইনাল খেলার এনওসি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মালিক জাভেদ আফ্রিদি। পাশাপাশি এনওসি দেওয়ায় বিসিবি সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে জাভেদ আফ্রিদি লেখেন, পিএসএলের ফাইনালে নাহিদ রানাকে খেলার সুযোগ করে দেওয়ার জন্য তামিম ইকবালকে ধন্যবাদ।

এবারের পিএসএল নিলামে ৬০ লাখ রুপিতে নাহিদকে দলে ভেড়ায় পেশোয়ার জালমি। সুযোগ পেয়ে দারুণ পারফরম্যান্সও দেখিয়েছেন তিনি। দেশে ফেরার আগে ৫ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন এবং তার ইকোনমি রেট ছিল ৫.৪২।

কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডকে ৭০ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পেশোয়ার জালমি। আগামী ৩ মে ফাইনালে তাদের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি; মুলতান সুলতান্স, হায়দরাবাদ কিংসম্যান কিংবা ইসলামাবাদ ইউনাইটেড—এই তিন দলের যেকোনো একটি দল ফাইনালে উঠতে পারে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম