Logo
Logo
×
   

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

অনলাইন প্রতারণা ঠেকাতে ভুয়া-স্ক্যাম লিংক শনাক্ত করবে চ্যাটজিপিটি

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০১:১৮ পিএম

অনলাইন প্রতারণা ঠেকাতে ভুয়া-স্ক্যাম লিংক শনাক্ত করবে চ্যাটজিপিটি

অনলাইন প্রতারণা ঠেকাতে ভুয়া-স্ক্যাম লিংক শনাক্ত করবে চ্যাটজিপিটি। ছবি: সংগৃহীত

ডিজিটাল যুগে অনলাইন প্রতারণার ধরন দিন দিন আরও জটিল হয়ে উঠছে। অচেনা লিংক, লোভনীয় অফারের বার্তা কিংবা সন্দেহজনক ই-মেইলের মাধ্যমে অনেকেই প্রতারকদের ফাঁদে পড়ছেন। এ পরিস্থিতিতে ব্যবহারকারীদের সাইবার নিরাপত্তা জোরদার করতে নতুন উদ্যোগ এসেছে। এখন থেকে চ্যাটজিপিটি –এর সঙ্গে যুক্ত হয়ে কাজ করবে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যালওয়ারবাইটসের প্রযুক্তি। এর ফলে সন্দেহজনক মেসেজ, লিংক বা যোগাযোগের সত্যতা সহজেই যাচাই করা যাবে।

নতুন এই সুবিধাটি মূলত একটি স্মার্ট ‘স্ক্যাম ডিটেক্টর’ হিসেবে কাজ করবে। আগে সন্দেহজনক কোনো বার্তা বা লিংক যাচাই করতে আলাদা নিরাপত্তা অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করতে হতো। তবে এখন ব্যবহারকারীরা সরাসরি চ্যাটজিপিটির মধ্যেই সেই যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। কোনো মেসেজ বা লিংক সন্দেহজনক মনে হলে সেটি চ্যাটে পেস্ট করলেই সিস্টেমটি বিশ্লেষণ করে জানাবে সেটি নিরাপদ কি না, নাকি প্রতারণার অংশ।

এই ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য যাচাই করা সম্ভব। যেমন হোয়াটসঅ্যাপ  বা ইনবক্সে পাওয়া অস্বাভাবিক বা প্রলোভনমূলক বার্তা পরীক্ষা করা যাবে। পাশাপাশি ই-মেইল বা এসএমএসে পাওয়া অপরিচিত ওয়েব লিংকের নিরাপত্তাও যাচাই করা যাবে। অচেনা ফোন নম্বর থেকে আসা কল বা মেসেজ সন্দেহজনক কি না, সেটিও জানা যাবে। এমনকি ফিশিং ই-মেইল শনাক্ত করার ক্ষেত্রেও এই টুল কার্যকর ভূমিকা রাখবে।

ব্যবহারকারীরা চাইলে সহজেই এই সুবিধাটি চালু করতে পারবেন। এজন্য প্রথমে নিজের চ্যাটজিপিটি অ্যাকাউন্টে লগইন করে সেটিংস অপশনে যেতে হবে। এরপর অ্যাপস বিভাগে গিয়ে ম্যালওয়ারবাইটস খুঁজে বের করে ‘কানেক্ট’ অপশনে ক্লিক করলেই সেটআপ সম্পন্ন হবে। একবার সংযোগ হয়ে গেলে চ্যাট উইন্ডোতেই সন্দেহজনক লিংক, মেসেজ বা নম্বর কপি করে পরীক্ষা করা যাবে।

ব্যবহার পদ্ধতিও বেশ সহজ। ধরুন ফোনে কোনো অচেনা নম্বর থেকে আকর্ষণীয় অফারের বার্তা এসেছে বা একটি সন্দেহজনক লিংক পাঠানো হয়েছে। সেটি কপি করে চ্যাটজিপিটিতে পেস্ট করে জানতে চাইলে সিস্টেমটি ম্যালওয়ারবাইটসের নিরাপত্তা ডাটাবেস ব্যবহার করে বিশ্লেষণ করবে। এরপর দ্রুত জানিয়ে দেবে সেটি নিরাপদ নাকি ঝুঁকিপূর্ণ। পাশাপাশি কেন সেটি ক্ষতিকর হতে পারে, সে সম্পর্কেও ব্যাখ্যা দেবে।

বর্তমানে অনেক প্রতারকই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অত্যন্ত নিখুঁতভাবে ফিশিং বা স্ক্যাম বার্তা তৈরি করছে, যা সাধারণ ব্যবহারকারীদের জন্য আলাদা করে শনাক্ত করা কঠিন। এ ক্ষেত্রে ম্যালওয়ারবাইটসের দীর্ঘদিনের সাইবার নিরাপত্তা অভিজ্ঞতা এবং চ্যাটজিপিটির বিশ্লেষণ ক্ষমতা একসঙ্গে কাজ করে প্রতারণা শনাক্ত করতে সহায়ক হতে পারে। সবচেয়ে সুবিধার বিষয় হলো, এই সুবিধাটি সাধারণ ব্যবহারকারী এবং পেইড সাবস্ক্রাইবার—উভয়ের জন্যই ব্যবহারযোগ্য।

তবে প্রযুক্তি যত উন্নতই হোক, সচেতনতার বিকল্প নেই। তাই অচেনা লিংকে ক্লিক করা বা ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সতর্ক থাকা জরুরি। প্রযুক্তির সহায়তার পাশাপাশি ব্যবহারকারীর সচেতনতাই অনলাইন প্রতারণা থেকে নিরাপদ থাকার সবচেয়ে কার্যকর উপায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .